যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আধিপত্যবাদী ব্যবস্থার পক্ষ থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরানকে উৎখাতের ধারাবাহিক প্রচেষ্টা নস্যাৎ হয়েছে বলে দাবি করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ রেজা আরেফ। একই সঙ্গে সামরিক, অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক নানা ষড়যন্ত্র মোকাবিলার পর এবার অর্থনৈতিক যুদ্ধের জন্যও তেহরান প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) ১ লাখ ৫০ হাজার কর্মসংস্থান প্রকল্প উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আরেফ এসব কথা বলেন।
ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট বলেন, গত কয়েক দশকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কথিত আধিপত্যবাদী ব্যবস্থা বারবার ইসলামী প্রজাতন্ত্রকে দুর্বল ও উৎখাতের চেষ্টা করেছে। তবে প্রতিবারই তেহরান এসব প্রচেষ্টা মোকাবিলা করে নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।
আরেফের ভাষ্য, ইরান শুধু সামরিক চাপই নয়, বরং দেশটির বিরুদ্ধে পরিচালিত অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ষড়যন্ত্রও পরাস্ত করেছে। এসব অভিজ্ঞতা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশটির সক্ষমতা বাড়িয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, সামরিক চাপের পর এবার ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সে কারণে নতুন পরিস্থিতি মোকাবিলায় দেশকে প্রস্তুত করা হচ্ছে।
ইরানের ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, গত কয়েক দশকে দেশের কৌশলের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল উন্নত প্রযুক্তির ব্যবহার। এর মাধ্যমে দেশের প্রয়োজন মেটানোর পাশাপাশি প্রতিবেশী অঞ্চলের জনগণের প্রয়োজন পূরণেও সক্ষমতা গড়ে তোলা হয়েছে।
আরেফের বক্তব্য এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আবারও বেড়েছে। শনিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের দুটি মার্কিন নৌযানে ক্ষেপণাস্ত্র হামলার পর মার্কিন বাহিনী তিনটি ইরানি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে। এতে দুই পক্ষের মধ্যে চলমান সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে তেহরান সামরিক সংঘাতের পাশাপাশি অর্থনৈতিক চাপ মোকাবিলাকেও সামনে রাখছে। আরেফের বক্তব্যে সেই প্রস্তুতির পাশাপাশি ইসলামী প্রজাতন্ত্রকে উৎখাতের প্রচেষ্টা ব্যর্থ করার দাবি আবারও জোরালোভাবে উঠে এসেছে সূত্র: ডন
শত্রুর লক্ষ্য ব্যর্থ করাই ইসলামী ইরানের সাফল্য: সাইয়ারি
ইরানের তেলবাহী জাহাজে হামলা: সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা
তিন ইরানি তেলবাহী জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা