ইয়েমেনের হোদেইদা প্রদেশের হায়েস জেলার পুরো নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী। শনিবার (৫ সেপ্টেম্বর) ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে, হুতিদের কাছ থেকে জেলাটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইয়েমেনি বাহিনী জানায়, হায়েস শহরের নিয়ন্ত্রণ নিশ্চিত করার পাশাপাশি জেলার অধীন সব গ্রামীণ এলাকাও ‘মুক্ত’ করে পুরোপুরি নিরাপদ করা হয়েছে। বাহিনী আরও দাবি করেছে, আল-বারাহ সংযোগস্থলের কয়েকটি এলাকাও তারা পুনর্দখল করেছে। সরকারি বাহিনী এরপর হুতিদের অবস্থানের দিকে অগ্রসর হলে বিদ্রোহীরা পিছু হটতে বাধ্য হয়। এ সময় কয়েক ডজন হুতি যোদ্ধা নিহত ও আহত হয়েছে বলেও দাবি করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
হায়েস জেলা হোদেইদা প্রদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত। এর আগে জুলাইয়েও এলাকাটিকে ঘিরে সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে তীব্র লড়াই হয়েছিল। সে সময় হুতিদের হামলায় সরকারি বাহিনীর ১৬ সদস্য নিহত হওয়ার খবর পাওয়া যায়।
ইয়েমেনে সাম্প্রতিক দিনগুলোতে কয়েক বছরের মধ্যে সবচেয়ে তীব্র লড়াই শুরু হয়েছে। পশ্চিমাঞ্চলীয় তাইজ ও দক্ষিণ হোদেইদায় হুতিদের অগ্রযাত্রা ঠেকাতে সরকারি বাহিনী পাল্টা অভিযান জোরদার করেছে। ৫ সেপ্টেম্বরের এক প্রতিবেদনে তাইজ ও হোদেইদা অঞ্চলের সংঘর্ষে ৬০ জনের বেশি নিহত হওয়ার কথা জানানো হয়।
এই লড়াই ২০২২ সালের যুদ্ধবিরতির পর ইয়েমেনে সবচেয়ে বড় সামরিক উত্তেজনাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালির কাছাকাছি এলাকাগুলোর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। তবে হায়েস জেলার ‘পুরোপুরি নিয়ন্ত্রণ’ নেওয়ার দাবি এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং হুতিদের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
কিয়েভে তিন দিনের হামলা বন্ধের নির্দেশ পুতিনের
আল-জাওফে হুতিদের সামরিক ক্যাম্পে ইয়েমেনি সেনাবাহিনীর হামলা