কুষ্টিয়ার দৌলতপুরে রকি হোসেন (২২) নামের এক যুবককে বিদেশি পিস্তল ও ককটেলসহ আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর বেলতলা এলাকায় এই ঘটনা ঘটে।
আটককৃত রকি হোসেন একই এলাকার মৃত বজলুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজনগর এলাকায় মাদকসেবী ও কারবারিদের উৎপাত বেড়ে যাওয়ায় এলাকাবাসী বৃহস্পতিবার রাতে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল করে। পরের দিন শুক্রবার রাতে সিরাজনগরের একটি বাঁশবাগানে মাদক বিক্রি ও সেবনের প্রস্তুতির খবরে স্থানীয় কয়েকজন সেখানে যান। তাদের উপস্থিতি টের পেয়ে রকি ও তার সহযোগীরা আতঙ্ক সৃষ্টি করতে গুলি ছোঁড়েন এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটান। পরে স্থানীয়রা তাদের ধাওয়া দিলে অন্যরা পালিয়ে গেলেও রকিকে অস্ত্রসহ আটক হয়। এ সময় স্থানীয়দের গণপিটুনিতে রকি আহত হন। এতে তার হাত ভেঙে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত রকিকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, বিদেশি পিস্তল ও একটি ককটেলসহ এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। গণপিটুনিতে আহত হওয়ায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, এ বিষয়ে তদন্ত চলছে।
পিকঅ্যাক্স মাউন্টেন’-যেভাবে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
ভারতের উত্তরাখণ্ডে বন্ধ করে দেওয়া হচ্ছে মাদ্রাসা, সিলগালা ১৭টি