গাজায় ধ্বংসস্তূপ থেকে শতাধিক মরদেহ উদ্ধার, হবে গণদাফন

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পিএম

গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ধ্বংসস্তূপ সরিয়ে প্রায় ১০০ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। এসব মরদেহের গণদাফনের প্রস্তুতি চলছে বলে গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ জানিয়েছেন।

তিনি জানান, পূর্ব গাজা সিটির জেইতুন এলাকায় মরদেহগুলো নিয়ে জানাজা ও দাফনের প্রস্তুতি চলছে। গত প্রায় তিন বছর ধরে এলাকাটি ইসরায়েলি বাহিনীর বারবার হামলার শিকার হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ১৯ নভেম্বর জেইতুনের একটি আবাসিক এলাকায় ইসরায়েলি বাহিনী ধারাবাহিকভাবে হামলা চালায়। হামলার পর বেঁচে যাওয়া কয়েকজন বাসিন্দা আশ্রয় নেওয়ার পরও পরবর্তী মাসগুলোতে ওই এলাকায় হামলা অব্যাহত ছিল। এর ফলে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ ছিলেন।

সাম্প্রতিক উদ্ধার অভিযানে ধ্বংসস্তূপের নিচ থেকে এসব মানুষের দেহাবশেষ উদ্ধার করা হয়। গাজার সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধার হওয়া মরদেহগুলোর অধিকাংশই শিশুদের।

প্রায় তিন বছর ধরে ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকা মরদেহগুলো উদ্ধার এবং একসঙ্গে দাফনের উদ্যোগ গাজার দীর্ঘস্থায়ী যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের ভয়াবহ চিত্র তুলে ধরেছে।

স্থানীয় কর্তৃপক্ষ ও উদ্ধারকর্মীরা বলছেন, গাজার বিভিন্ন এলাকায় এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। সীমিত সরঞ্জাম, অবকাঠামোগত ধ্বংস এবং নিরাপত্তাজনিত বাধার কারণে তাদের উদ্ধারে দীর্ঘ সময় লাগছে।

এমইউ
আরও পড়ুন