ইরানের বিরুদ্ধে সামরিক পরাজয়ের ক্ষতি পুষিয়ে নিতে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ও খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় কমান্ডের কমান্ডার মেজর জেনারেল আলি আবদোল্লাহি। তিনি বলেছেন, অর্থনৈতিক চাপের পাশাপাশি ইরানের বিরুদ্ধে সফট ও কগনিটিভ যুদ্ধও চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
তেহরানে সফট ওয়ার বিশেষজ্ঞদের এক বৈঠকে আবদোল্লাহি বলেন, ইরান আত্মসমর্পণ করবে না এবং শক্তিশালী ইরানের বিরুদ্ধে শত্রুপক্ষ 'সফট ওয়ার'-এর ক্ষেত্রেও সফল হবে না। তার মতে, সামরিক সংঘাতের পাশাপাশি এখন ইরানকে লক্ষ্য করে সমন্বিত, মনস্তাত্ত্বিক ও বুদ্ধিবৃত্তিক যুদ্ধ পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, ইরানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন মাত্রায় ষড়যন্ত্র চালানো হচ্ছে। যুদ্ধের বাস্তবতা তুলে ধরা এবং সামরিক যুদ্ধের মোকাবিলা করে সামনে এগিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাঁর দাবি, ইরানের বিরুদ্ধে সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন বিকল্প পন্থায় চাপ তৈরির চেষ্টা করছে।
আবদোল্লাহির ভাষ্য, ইরানকে আক্রমণের আগে যুক্তরাষ্ট্রের ধারণা ছিল দেশটি নিঃশর্ত আত্মসমর্পণ করবে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। তিনি বলেন, ইরানের জনগণ দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিরোধ অব্যাহত রেখেছে এবং এই বাস্তবতা যুক্তরাষ্ট্রের হিসাবকে ভুল প্রমাণ করেছে।
তিনি আরও বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ এবং প্রতিরোধ ফ্রন্টে আঞ্চলিক ও সামরিক পরাজয়ের পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিজেদের কৌশলগত ঘাটতি পূরণে সফট ওয়ার, কগনিটিভ যুদ্ধ এবং অর্থনৈতিক চাপের ওপর জোর দিচ্ছে। তবে ইরানের জনগণের সাহস এবং দেশটির কর্মকর্তাদের বিচক্ষণতার কারণে এসব প্রচেষ্টাও ব্যর্থ হবে বলে দাবি করেন তিনি।
ইরানের ইসলামী বিপ্লবকে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে একটি আদর্শ হিসেবে তুলে ধরে আবদোল্লাহি বলেন, ধর্মীয় ও জাতীয় মূল্যবোধের প্রতি দৃঢ় বিশ্বাসের কারণে ইরান বিশ্বে প্রতিরোধের একটি নতুন মডেল উপস্থাপন করেছে।
ভবিষ্যতের বিশ্ব বর্তমান বিশ্বের চেয়ে ভিন্ন হবে এবং সেই পরিবর্তন ইরানের জনগণের স্বার্থে যাবে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন শক্তির প্রভাবের ক্রমাগত পতন ঘটবে বলে দাবি করেন আবদোল্লাহি।
সফট ওয়ার ও গণমাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রশংসা করে তিনি বলেন, শত্রুপক্ষের সমন্বিত ও কগনিটিভ আগ্রাসনের মোকাবিলায় বাস্তবতা তুলে ধরা এবং জনমতকে অবহিত রাখার ক্ষেত্রে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সূত্র: মেহর নিউজ এজেন্সি
অস্তিত্ব রক্ষার যুদ্ধে লড়ছে ইরান: কাশকাভি
মার্কিন অর্থনৈতিক চাপে নীতি বদলাবে না ইরান: অর্থমন্ত্রী
ইরানের প্রতিরোধ শক্তি আরও বেড়েছে: সাইয়ারি