মেক্সিকোতে ধর্মীয় উৎসবে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ এএম

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় সান্তা মারিয়া কাঞ্চেসদা গ্রামে একটি স্থানীয় উৎসব উদযাপনের সময় আকস্মিক আতশবাজি বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত এবং ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। দেশটির স্থানীয় সরকারের বরাতে এ খবর জানা গেছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, তে মাসকালসিংগো পৌরসভার অন্তর্ভুক্ত ওই গ্রামে ধর্মীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে খড় দিয়ে তৈরি একটি ষাঁড়ের প্রতিমা বহন করছিলেন সাধারণ দর্শনার্থীরা, যেখান থেকে আতশবাজি ফুটানো হচ্ছিল।

উদ্ধারকারীরা জানান, ওই জ্বলন্ত ষাঁড়ের কাঠামোর আগুন থেকেই পাশের চার্চে মজুত রাখা বিপুল পরিমাণ আতশবাজিতে দুর্ঘটনাবশত আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে হওয়া বিকট বিস্ফোরণে চার্চের দেয়াল ধসে পড়ে এবং শহরের প্রধান চত্বরে আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, দেয়াল ধসে পড়ায় ধ্বংস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়েন। পার্শ্ববর্তী আতলাকোমুলকো ডায়োসিস জানিয়েছে, অগ্নিকাণ্ডে তাদের দুজন যাজক আহত হয়েছেন, তবে তারা ঝুঁকিমুক্ত।

মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং দুর্ঘটনার উৎস অনুসন্ধানে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

এর আগেও দেশটিতে আতশবাজির কারণে একাধিক মর্মান্তিক ঘটনা ঘটেছে; ২০১৮ ও ২০১৬ সালে দেশটির তুলতেপেক শহরের দুটি পৃথক আতশবাজি দুর্ঘটনায় যথাক্রমে ২৪ ও ৪২ জন প্রাণ হারিয়েছিলেন।

ওয়াইএ
আরও পড়ুন