নলছিটিতে পুলিশের অভিযানে মাদকসহ আটক ৪

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পিএম

ঝালকাঠির নলছিটি উপজেলায় একই এলাকায় অল্প সময়ের ব্যবধানে পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও ছয়টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা এলাকার নবনির্মিত ব্রিজে অভিযান চালানো হয়। এ সময় মো. মুস্তাফিজুর রহমান (২৮) নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। মুস্তাফিজুর সুবিদপুর গ্রামের মোহাম্মদ বাবুল হাওলাদারের ছেলে।

অভিযানে নেতৃত্ব দেন নলছিটি থানার এসআই (নিঃ) সুফল সরকার। সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে মুস্তাফিজুরকে মাদকসহ আটক করা হয়।

এর মাত্র আধা ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে একই ব্রিজে ফের অভিযান পরিচালনা করে পুলিশ। এসআই (নিঃ) মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযানে আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু মোহাম্মদ ইয়াসিনের (১৬) কাছ থেকে ছয়টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় ইয়াসিনের সঙ্গে থাকা তার দুই সহযোগী মোহাম্মদ সুজন হাওলাদার (১৭) ও মোহাম্মদ রাফি (১৭)-কেও আটক করা হয়।

পুলিশ জানায়, ইয়াসিন উপজেলার কোকিলা গ্রামের আব্দুল সালামের ছেলে। একই গ্রামের মানিক হাওলাদারের ছেলে সুজন এবং মোহাম্মদ কুদ্দুস মোল্লার ছেলে রাফি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, পৃথক অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমসিএইচ
আরও পড়ুন