আত্মরক্ষার অধিকার থেকেই মার্কিন ঘাঁটিতে হামলা: বাঘাই

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম

হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ ও চলমান অর্থনৈতিক যুদ্ধের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার থেকেই ইরান আঞ্চলিক বিভিন্ন স্থানে মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

আল জাজিরাকে দেওয়া বক্তব্যে বাঘাই বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলাসহ ইরানের প্রতিরক্ষামূলক সব পদক্ষেপ সম্পূর্ণ বৈধ। তার দাবি, নৌ অবরোধ ও ব্যাপক অর্থনৈতিক যুদ্ধ অব্যাহত থাকায় জাতীয় স্বার্থ রক্ষায় ইরান বৈধ আত্মরক্ষার অবস্থানে রয়েছে।

বাঘাই বলেন, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদে স্বীকৃত আত্মরক্ষার অন্তর্নিহিত অধিকারের আওতায় তেহরান তার সামরিক পদক্ষেপকে বৈধ বলে মনে করে।

ইরানের এই অবস্থান এমন সময়ে এলো, যখন হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ইরানের তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর পর ইরানও মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

বাঘাই আরও অভিযোগ করেন, ইরানের ওপর চাপ প্রয়োগের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা ও শিশু হত্যার মতো কর্মকাণ্ড চালিয়েছে। তার দাবি, এ ধরনের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের নিজেদের পদক্ষেপকে বৈধ হিসেবে তুলে ধরার দাবিকে প্রশ্নবিদ্ধ করে।

এদিকে হরমুজ প্রণালিতে নতুন একটি আন্তর্জাতিক নৌপথ চালুর বিষয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে তেহরান জানিয়েছে। প্রস্তাবিত নৌপথটি ইরান ও ওমানের জলসীমার মধ্য দিয়ে যাবে এবং এর ব্যবস্থাপনায় ইরানের ভূমিকা থাকবে। সূত্র: ডন

এএস
আরও পড়ুন