ঝালকাঠির রাজাপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটিতে গত এক সপ্তাহ ধরে বিদ্যুৎ ও পানির সংকট দেখা দিয়েছে। গত মঙ্গলবার জেনারেটর কক্ষে বিকট শব্দের পর ব্রেকারসহ ভেতরের বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রাংশ পুড়ে বা খুলে গিয়ে পুরো ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিদ্যুৎ সরবরাহ না থাকায় তীব্র গরমে চরম দুর্ভোগে পড়েছেন রাজাপুর মডেল মসজিদে আসা শত শত মুসল্লি। একই সঙ্গে পানির পাম্প বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে অজুর স্বাভাবিক ব্যবস্থা। এর ফলে দূর-দূরান্ত থেকে আসা নামাজিদের অজু করতে বাইরে যেতে হচ্ছে।
প্রতিদিন এই মসজিদে প্রায় আড়াই থেকে তিনশো মুসল্লি জামাতে অংশ নেন এবং জুমার দিনে এই সংখ্যা দাঁড়ায় ছয় থেকে সাতশোতে। নারী ও পুরুষ উভয় শ্রেণির মুসল্লিরাই গরমে অতিষ্ঠ হওয়ার পাশাপাশি অজুর পানির অভাবে সময়মতো জামাতে শরিক হতে পারছেন না।
মসজিদের স্টাফদের দৈনন্দিন কাজ চালানোর জন্য বর্তমানে পুকুর থেকে বালতি ভরে পানি আনতে হচ্ছে। স্থানীয় গণপূর্ত বিভাগের প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনও পুরোপুরি মেরামত করা সম্ভব হয়নি। গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে থাকা এই ভবনের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।
ঋণের অর্থে ঘুরছে সংসারের চাকা, স্বাবলম্বী হচ্ছেন নারীরা