ট্রাম্পের হুমকির মুখেই গ্রিনল্যান্ডে ২০০ মিলিয়ন ইউরো দিচ্ছে ইইউ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ এএম

গ্রিনল্যান্ড দখলের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে দ্বীপটির পাশে দাঁড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

অঞ্চলটিতে মার্কিন আগ্রাসনের শঙ্কা দূর করতে গ্রিনল্যান্ডের সঙ্গে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে সংস্থাটি। এর আওতায় গ্রিনল্যান্ডকে ২৩২ মিলিয়ন ডলার (২০০ মিলিয়ন ইউরো) আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।

গতকাল সোমবার গ্রিনল্যান্ডের রাজধানী নুকে সফরকালে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন এই আর্থিক সহায়তার ঘোষণা দেন। আগামী দুই বছরে স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে এই অর্থ ব্যয় করা হবে। ট্রাম্পের নিয়ন্ত্রণে নেওয়ার হুমকির পর থেকেই ইইউ উত্তর মেরুর এই কৌশলগত দ্বীপটির সঙ্গে সম্পর্ক জোরদারে নজর দেয়।

নুকে আয়োজিত অনুষ্ঠানে উরসুলা ফন ডার লেইন, গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেনস-ফ্রেডেরিক নিলসেন এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এই যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। চুক্তি অনুষ্ঠানে ইইউ প্রধান স্পষ্ট বার্তা দিয়ে বলেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ কী হবে, তা নির্ধারণ করবে কেবল গ্রিনল্যান্ড ও ডেনমার্কের জনগণ। অন্য কেউ নয়।

এই অর্থ মূলত আবাসন নির্মাণ, টেকসই পর্যটন এবং গ্রিনল্যান্ড সরকারের প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধিতে ব্যবহার করা হবে। এছাড়া ২০২৮-২০৩৪ মেয়াদের জন্য গ্রিনল্যান্ডে ইউরোপীয় ইউনিয়নের প্রত্যক্ষ সহায়তা দ্বিগুণ করে ৫৩০ মিলিয়ন ইউরো করার প্রস্তাব করা হয়েছে। ইইউ প্রধানের এই সফরটি ন্যাটোর সামরিক মহড়া ‘আর্কটিক শিল্ড’-এর শুরুর দিনেই অনুষ্ঠিত হলো।

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেনস-ফ্রেডেরিক নিলসেন ইইউ-এর এই সহায়তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই কঠিন সময়ে আপনাদের সমর্থন আমাদের জন্য অতুলনীয়। গ্রিনল্যান্ডের জন্য ইউরোপীয় ইউনিয়ন প্রয়োজন, আর ইউরোপীয় ইউনিয়নের জন্যও গ্রিনল্যান্ড প্রয়োজন।

সূত্র: আল-জাজিরা

এএম
আরও পড়ুন