আঞ্চলিক উত্তেজনা কমাতে ইরাক-লেবানন পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পিএম

মিশরের রাজধানী কায়রোতে আয়োজিত আরব লিগের ১৬৬তম নিয়মিত মন্ত্রীপর্যায়ের অধিবেশনের ফাঁকে এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন এবং লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসেফ রাজ্জি।

বৈঠকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়ে দুই দেশের শীর্ষ কূটনীতিক আলোচনা করেন।

ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে ফুয়াদ হোসেন যুক্তরাষ্ট্র এবং ইরান-এর মধ্যে আলোচনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি জোর দিয়ে বলেন, আঞ্চলিক উত্তেজনা হ্রাস করা এবং স্থিতিশীলতা সুদৃঢ় করার জন্য রাজনৈতিক মতপার্থক্য নিরসনে কূটনৈতিক পন্থা অবলম্বনের কোনো বিকল্প নেই।

অন্যদিকে, লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসেফ রাজ্জি সংকটময় মুহূর্তে লেবাননের প্রতি ইরাকের ধারাবাহিক সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। লেবাননের নিরাপত্তা ও সার্বিক স্থিতিশীলতা রক্ষায় ইরাকের ইতিবাচক অবস্থানের ভূয়সী প্রশংসা করেন তিনি।

সূত্র: আল-জাজিরা

এমইউ
আরও পড়ুন