বামনায় চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৩

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম

বরগুনার বামনায় ইউনিয়ন পরিষদ ভবনের পাশ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় রামনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ বাকিবুল্লাহ ফরাজি বাদী হয়ে বামনা থানায় মামলা করেছেন।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট সন্ধ্যা ৮টা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে ৩ নম্বর রামনা ইউনিয়ন পরিষদ ভবনের দক্ষিণ পাশের খালের পাড়ে চুরির ঘটনা ঘটে। এ সময় একটি ডিজেলচালিত সেচ মেশিনসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

চুরি হওয়া মালামাল উদ্ধারে স্থানীয়ভাবে খোঁজাখুঁজির পর পুলিশ অভিযান চালায়। পরে মো. রাজু খান (২৫), মো. সজিব খান (২৮) ও মো. ফুল মিয়া সরকার (৬০) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রুহুল আমিন হাওলাদার (৪০) ও মানিক হাওলাদার (২৭) নামে আরও দুজনের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযানে একটি পুরোনো ডিজেলচালিত মেশিন, মোবাইল ফোন, ব্যাটারি, চার্জারসহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মালামালের আনুমানিক মূল্য কয়েক হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চুরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন খান বলেন, চোরাই মালামাল উদ্ধারের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। চুরি প্রতিরোধে পুলিশের অভিযানও অব্যাহত থাকবে।

এম সি এইচ
আরও পড়ুন