ময়মনসিংহের ফুলপুরে মাত্র ১৩৫ দিনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার কৃতিত্ব অর্জন করেছে ৮ বছর বয়সী সাজিদুর রহমান সাজিদ। সে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের ধন্তা গ্রামের আনিছুর রহমানের ছেলে। আমুয়াকান্দা বাজার জামে মসজিদ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাজিদ।
মাদ্রাসা সূত্রে জানা যায়, চলতি বছরের ১ এপ্রিল পবিত্র কোরআন হিফজ শুরু করে সাজিদ। এরপর টানা ১৩৫ দিনের অধ্যবসায় ও শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে গত ৭ সেপ্টেম্বর কোরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করে সে। মাত্র চার মাসের কিছু বেশি সময়ে সম্পূর্ণ কোরআন মুখস্থ করার এ অর্জনকে প্রশংসনীয় ও বিরল কৃতিত্ব হিসেবে দেখছেন মাদ্রাসার শিক্ষকরা।
সাজিদের এ সাফল্যে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজন করা হয় সংক্ষিপ্ত শুভেচ্ছা অনুষ্ঠানের। অনুষ্ঠানে শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা ফুল দিয়ে সাজিদকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে তার উজ্জ্বল ভবিষ্যৎ ও দ্বীনি শিক্ষায় আরও সাফল্য কামনা করেন তারা।
সাজিদের শিক্ষকরা জানান, কোরআন হিফজের পুরো সময়জুড়ে তার নিয়মিত অধ্যবসায়, মনোযোগ ও শেখার আগ্রহ ছিল চোখে পড়ার মতো। অল্প বয়সে তার এমন অর্জন অন্য শিক্ষার্থীদেরও কোরআন হিফজে উৎসাহিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।
বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় আনসার সদস্য নিহত
ভাতের মাড় ঢেলে গৃহবধূকে ঝলসে দেওয়ার অভিযোগ