ইউক্রেন যুদ্ধ দীর্ঘ হওয়ার দায় পুতিন-জেলেনস্কির ওপর দিলো ট্রাম্প

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ এএম

ইউক্রেন যুদ্ধ অবসানে শান্তি চুক্তি বিলম্বিত হওয়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পারস্পরিক বৈরিতাকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, পুতিন যুদ্ধ শেষ করতে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তাঁর দাবি, সম্প্রতি পুতিনের সঙ্গে ফোনে ‘দারুণ’ আলোচনা হয়েছে।

ট্রাম্প বলেন, পুতিন চুক্তি করতে চান। জেলেনস্কিও যদি তাতে আগ্রহী হন, তাহলে সেটি ইতিবাচক হবে।

শান্তি প্রক্রিয়ায় মূল বাধা কী—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘দুজন মানুষ একে অপরকে ঘৃণা করেন।’ তিনি মূলত পুতিন ও জেলেনস্কির কথাই উল্লেখ করেন।

ট্রাম্পের মন্তব্যের আগে তাঁর বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার মস্কো ও কিয়েভ সফর করেন। তাঁরা পুতিন ও জেলেনস্কির সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সম্ভাব্য পথ খুঁজে দেখেন। ওয়াশিংটন এখন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আবার সরাসরি বা ত্রিপক্ষীয় আলোচনার পথ তৈরির চেষ্টা করছে।

তবে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে এখনো সংশয় রয়েছে। যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপের কিছু গোয়েন্দা কর্মকর্তার মধ্যে পুতিন সত্যিই যুদ্ধ শেষ করতে কতটা আগ্রহী—তা নিয়ে সন্দেহ রয়েছে। অন্যদিকে, ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডগত দাবি মেনে নেওয়ার বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।

ট্রাম্প অবশ্য শান্তি আলোচনার সম্ভাবনা নিয়ে আশাবাদী। তিনি পুতিন ও জেলেনস্কিকে নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনাও উড়িয়ে দেননি। তাঁর ভাষ্য, যুদ্ধের কারণে প্রতিদিন মানুষের প্রাণ যাচ্ছে এবং দ্রুত সংঘাতের অবসান ঘটানো প্রয়োজন।

এমইউ
আরও পড়ুন