হাঙ্গেরিতে কবর খোঁড়ার প্রতিযোগিতা, ১ম পুরস্কার ৭৮ হাজার টাকা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পিএম

মৃত্যু নিয়ে সামাজিক সংকোচ কমানো এবং কবর খোঁড়ার পেশায় দক্ষতা তুলে ধরতে হাঙ্গেরিতে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী এক কবর খোঁড়ার প্রতিযোগিতা। এতে কোদাল ও শাবল হাতে অংশ নেন ৩৮ জন। নির্ধারিত মাপের কবর সবচেয়ে দ্রুত ও নিখুঁতভাবে খুঁড়ে প্রথম স্থান অর্জন করেন রবার্ট নাগি ও লাসলো কিশের দল।

শনিবার (৫ সেপ্টেম্বর) হাঙ্গেরির উত্তরাঞ্চলের নিয়েরশেউইফালু পাবলিক কবরস্থানে এ প্রতিযোগিতার আয়োজন করে হাঙ্গেরিয়ান অ্যাসোসিয়েশন অব সেমেটারি মেইনটেইনার্স অ্যান্ড অপারেটরস। কবর খোঁড়ার পেশায় দক্ষতা তুলে ধরা এবং মৃত্যু নিয়ে সামাজিক সংকোচ কমানো ছিল আয়োজনটির অন্যতম উদ্দেশ্য।

প্রতিযোগিতায় দুই সদস্যের ১৯টি দল অংশ নেয়। গ্রীষ্মের তাপে শক্ত হয়ে যাওয়া মাটিতে নির্ধারিত মাপের কবর খোঁড়ার প্রতিযোগিতায় নামেন তাঁরা। নিয়ম অনুযায়ী, প্রতিটি কবরের গভীরতা ১ দশমিক ৬ মিটার, দৈর্ঘ্য ২ মিটার এবং প্রস্থ ৮০ সেন্টিমিটার হতে হয়।

রবার্ট নাগি ও তাঁর সহযোগী লাসলো কিশ মাত্র ১ ঘণ্টা ২১ মিনিটে নির্ধারিত মাপের কবর খুঁড়ে প্রথম স্থান অর্জন করেন। পুরস্কার হিসেবে তাঁরা পান ২ লাখ হাঙ্গেরিয়ান ফরিন্ট, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭৮ হাজার টাকা।

বিজয়ী রবার্ট নাগি বলেন, এই প্রতিযোগিতায় সৌন্দর্যের চেয়ে গতি বেশি গুরুত্বপূর্ণ। তবে বাস্তবে দাফনের জন্য কবর খোঁড়ার সময় নির্ধারিত মাপ ঠিক রাখা এবং কবরটি সুন্দরভাবে তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এএম
আরও পড়ুন