ইংল্যান্ডের পোর্টসমাউথে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের খেলোয়াড়দের হোটেলকে ভুল করে আশ্রয়প্রার্থী অভিবাসীদের আবাসস্থল ভেবে সেখানে বিক্ষোভ করেছে অভিবাসনবিরোধী একদল মানুষ। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের কজহ্যাম এলাকায় এ ঘটনা ঘটে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
ঘটনার সূত্রপাত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্ট থেকে। সেখানে একটি হোটেলে এশীয় চেহারার একদল তরুণকে বহনকারী একটি বাস দেখা গেছে বলে দাবি করা হয়। এরপরই প্রায় ৩০ জন বিক্ষোভকারী পোর্টসমাউথের ওই ম্যারিয়ট হোটেলের সামনে জড়ো হন।
পরে জানা যায়, বাসে থাকা তরুণরা কোনো আশ্রয়প্রার্থী নন; তারা পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সদস্য। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, অভিবাসনবিরোধী রাজনৈতিক দল রিফর্ম ইউকের এক কাউন্সিলর ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত করেন এবং পরে বিক্ষোভকারীদের সেখান থেকে চলে যেতে সহায়তা করেন।
হ্যাম্পশায়ার পুলিশের এক মুখপাত্র জানান, মঙ্গলবার সন্ধ্যায় হোটেলের কাছে একদল মানুষ জড়ো হচ্ছে বলে পুলিশকে জানানো হয়। পরে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে জড়ো হওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। তারা এলাকায় দেখা যাওয়া একটি বাস নিয়ে উদ্বেগ প্রকাশ করছিলেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
পুলিশ তাদের উদ্বেগের কারণ সঠিক নয় বলে ব্যাখ্যা করার পর অল্প সময়ের মধ্যেই বিক্ষোভকারীরা সরে যান। ঘটনাটিতে কোনো অপরাধ সংঘটিত হয়েছে বলেও পুলিশ জানায়নি। তবে পাকিস্তানি ক্রিকেটারদেরই বিক্ষোভকারীরা আশ্রয়প্রার্থী ভেবে ভুল করেছিলেন কি না, তা পুলিশ সরাসরি নিশ্চিত করেনি।
ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন ইংল্যান্ডে ছোট নৌকায় করে ইউরোপ থেকে আসা আশ্রয়প্রার্থীদের নিয়ে রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা তীব্র। পোর্টসমাউথেও এর আগে অভিবাসীদের একটি দলকে নামিয়ে দেওয়ার সময় বিক্ষোভকারীরা বাধা দেওয়ার চেষ্টা করে এবং পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থানে জড়ায়।
যুক্তরাজ্যে প্রতিবছর ইউরোপের মূল ভূখণ্ড থেকে ছোট নৌকায় করে কয়েক হাজার আশ্রয়প্রার্থী প্রবেশ করেন। অভিবাসন ইস্যুটি দেশটির রাজনীতিতে অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠেছে। এ নিয়ে বিভিন্ন এলাকায় নিয়মিত বিক্ষোভ হচ্ছে, যার কিছু ঘটনায় সহিংসতাও দেখা গেছে।
জাতিগত বিদ্বেষবিরোধী সংগঠন স্ট্যান্ড আপ টু রেসিজমের জাতীয় সংগঠক মাইকেল ব্র্যাডলি ঘটনাটির নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, শরণার্থী ও অভিবাসীদের বলির পাঁঠা বানানোর প্রবণতা কোথায় গিয়ে পৌঁছাতে পারে, এ ঘটনা তারই উদাহরণ।
ব্র্যাডলির মতে, কোনো দলকে শুধু এশীয় বা কৃষ্ণাঙ্গ চেহারার মানুষ থাকার কারণে অভিবাসীদের সম্ভাব্য দল হিসেবে বিবেচনা করা হলে তা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। এর পরিণতিতে বর্ণবাদী হামলা ও আরও সহিংসতা বাড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।
এদিকে পাকিস্তানের মূল জাতীয় ক্রিকেট দল বর্তমানে ইংল্যান্ডের বিপক্ষে বার্মিংহামের এজবাস্টনে তৃতীয় টেস্ট খেলছে। আর পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ইংল্যান্ড সফরে থাকায় পোর্টসমাউথের ওই হোটেলে অবস্থান করছিল। সূত্র: ডন
উসকানিমূলক অঙ্গভঙ্গি করায় ফাতিমা সানার জরিমানা
ইমরান খানের সুচিকিৎসা ও মানবিক মর্যাদা দাবি করলেন লারা
ওয়ানডে অভিষেকে হারমানের বিশ্বরেকর্ড