অবশেষে ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চল থেকেও সামরিক ঘাঁটি গুটিয়ে নিচ্ছে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে পরিচালিত মিশন আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ায় নির্ধারিত চুক্তি অনুযায়ী সেনাদের সরিয়ে নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার কুর্দিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেবার আহমেদ জানান, ২০২৪ সালের চুক্তি মেনে সেপ্টেম্বরের মধ্যেই সব বিদেশী সেনা প্রত্যাহারের নির্দেশ রয়েছে। বাস্তবে এই প্রস্থান প্রক্রিয়া ইতোমধ্যেই চালু হয়েছে এবং প্রতিদিন সেনাদের অন্য দেশে স্থানান্তর করা হচ্ছে।
এর আগে চলতি বছরের জানুয়ারিতেই ইরাকের মূল ভূখণ্ডের অন্যান্য ঘাঁটি থেকে বিদেশী বাহিনী সরে যায়। কেবল উত্তরাঞ্চলের কুর্দিস্তান বাকি ছিল, যা এখন ফাঁকা করা হচ্ছে। ইরাকি সশস্ত্র বাহিনীর পক্ষ থেকেও সেনাদের বিদায় দ্রুত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
২০১৪ সালে ইরাক ও সিরিয়ায় আইএসের তাণ্ডব রুখতে আন্তর্জাতিক জোটটি গঠন করা হয়েছিল। ২০১৭ সালে ইরাকে এবং ২০১৯ সালে সিরিয়ায় আইএসের পতনের পর জোটের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠে। বর্তমানে আইএসের বিচ্ছিন্ন কিছু সদস্য সক্রিয় থাকলেও ইরাকি বাহিনী একাই তা সামলাচ্ছে।
দীর্ঘদিন ধরে মার্কিন সেনাদের উপস্থিতির বিরোধিতা করে আসছিল তেহরানপন্থী আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলো। এমনকি এসব বাহিনীর ওপর একাধিকবার প্রাণঘাতী হামলাও চালানো হয়। সার্বিক নিরাপত্তা ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত সব সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
হুতিদের দখলে মোখা : মোড় নিচ্ছে ইয়েমেন যুদ্ধ
বাব আল-মানদেবে হুথিদের নিয়ন্ত্রণ বৃদ্ধি