ক্ষেপণাস্ত্র তৈরিতে ক্লড এআই ব্যবহারের চেষ্টা, দাবি অ্যানথ্রপিকের

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পিএম

সাইবার গুপ্তচরবৃত্তি থেকে শুরু করে অস্ত্র তৈরির নকশা এবং ব্যাপক নজরদারি-বিভিন্ন ক্ষতিকর কর্মকাণ্ডে নিজেদের ক্লড এআই ব্যবহারের একাধিক প্রচেষ্টা ঠেকানোর দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক।

প্রতিষ্ঠানটির নতুন এক হুমকি-বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইয়েমেনে একটি গোষ্ঠী ক্ষেপণাস্ত্রের নির্দেশনা ও নিয়ন্ত্রণব্যবস্থার সফটওয়্যার তৈরিতে ক্লডকে ব্যবহার করার চেষ্টা করেছিল। এর মধ্যে একটি গাইডেড রকেট এবং দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য সফটওয়্যার তৈরির প্রচেষ্টাও ছিল বলে দাবি অ্যানথ্রপিকের।

প্রতিবেদন অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিরা সফটওয়্যার প্রকৌশলীদের পরিবর্তে ক্লডের বিভিন্ন ইনস্ট্যান্সকে আলাদা আলাদা দায়িত্ব দিয়েছিল। কোনোটি ক্ষেপণাস্ত্রের গাইডেন্স সফটওয়্যার, আবার কোনোটি ফ্লাইট-কন্ট্রোল সফটওয়্যার তৈরির কাজে ব্যবহৃত হচ্ছিল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অ্যানথ্রপিক বলেছে, ক্লডের অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থা এ ধরনের অনেক অনুরোধ আটকে দেয়। তবে সব প্রচেষ্টা ঠেকানো সম্ভব হয়নি। সংশ্লিষ্টরা তাদের প্রকৃত উদ্দেশ্য আড়াল করতে কাজগুলো বিভিন্ন সেশনে ভাগ করে করছিল। ফলে কোনো একটি নির্দেশনা বা প্রম্পট দেখলে পুরো কর্মকাণ্ডের উদ্দেশ্য সহজে বোঝা সম্ভব হয়নি।

এআই প্রতিষ্ঠানটির দাবি, সংশ্লিষ্ট গোষ্ঠী শেষ পর্যন্ত কার্যকর কোনো অস্ত্র তৈরি করতে পেরেছিল-এমন প্রমাণ তাদের হাতে নেই। তবে অপারেটররা একটি পরীক্ষামূলক উৎক্ষেপণের চেষ্টা করেছিল এবং সেটি সফল হয়নি বলে ধারণা করছে অ্যানথ্রপিক।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সরকারি ও বেসরকারি অংশীদারদের সঙ্গে সংশ্লিষ্ট হুমকি-সংক্রান্ত তথ্যও ভাগ করে নেওয়া হয়েছে।

অ্যানথ্রপিকের এই প্রতিবেদন কৃত্রিম বুদ্ধিমত্তার সামরিক ও নিরাপত্তা ব্যবহারের ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনা সামনে এনেছে। বিশেষ করে উন্নত এআই মডেলকে প্রচলিত সফটওয়্যার প্রকৌশলীর বিকল্প হিসেবে ব্যবহার করে অস্ত্রের প্রযুক্তিগত উন্নয়ন ঘটানোর চেষ্টা কতটা সম্ভব-তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

তবে প্রতিবেদনটি অ্যানথ্রপিকের নিজস্ব তদন্ত ও দাবির ওপর ভিত্তি করে তৈরি। সংশ্লিষ্ট গোষ্ঠী কার্যকর ক্ষেপণাস্ত্র তৈরি করতে পেরেছিল কি না, সে বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য এখানে উল্লেখ করা হয়নি।

ওয়াইএ
আরও পড়ুন