রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫২৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন থানায় ৫৫টি মামলা করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্যের পাশাপাশি ককটেল তৈরির সরঞ্জাম, গানপাউডার, পেরেকসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

ডিএমপির তথ্যানুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে ১৪৬ জন, তেজগাঁওয়ে ৭৯, মতিঝিলে ৬৩, ওয়ারীতে ৫৭, রমনায় ৫২, উত্তরা বিভাগে ৪৫, লালবাগে ৪৩, গুলশানে ৪১ এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।

অভিযানে একটি অবিস্ফোরিত ককটেল, ৫০০ গ্রাম গানপাউডার, ৫০০ গ্রাম ঝুট কাপড়, ২৫০ গ্রাম পেট্রোল, বিস্ফোরিত ককটেলের ৩৫ গ্রাম পেরেক, সাতটি টিনের টুকরা, ১০ টুকরা স্কচটেপ, ১০৪টি পেরেক ও বিস্ফোরিত ককটেলের একটি টিনের অংশ উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া ৫৪ কেজি ২৪৫ গ্রাম গাঁজা, ৪ হাজার ১১৫টি ইয়াবা, ২১ গ্রাম হেরোইন ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযানে একটি প্রাইভেটকার, তিনটি চাকু, একটি চাপাতি, একটি ছোট কাঁচি, একটি কাটার, ফয়েল পেপার, গ্যাস লাইট, নাইলনের রশি ও ১৪টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ডিএমপি আরও জানায়, অভিযানে দুটি ইয়াবা তৈরির মেশিন, বিভিন্ন ধরনের ২ হাজার ৬০০ গ্রাম কেমিক্যাল, ৪৫৪ গ্রাম বেনেলিয়া পাউডার, ১৩ বোতল রং, ৩৫০টি খালি বোতল এবং ইয়াবা তৈরির মিশ্রিত উপাদান ১ হাজার ৫০০ গ্রাম উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানার এলাকায় পরিচালিত এসব অভিযানে উদ্ধার করা আলামত ও মাদকদ্রব্যের বিষয়ে পৃথকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধেও পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

এমইউ
আরও পড়ুন