ঝিনাইদহে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ এএম

ঝিনাইদহ সদর উপজেলায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রকি (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার বিষয়খালী গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রকি কানুহরপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোররাতে বিষয়খালী গ্রামের উত্তরপাড়ার একটি ঘাসের জমিতে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোররাতে ওই এলাকায় বিদ্যুতের তার কাটার চেষ্টা করা হচ্ছিল। পরে সেখানে রকির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তার শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার চিহ্নও পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, বিষয়খালী গ্রামের উত্তরপাড়ায় একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত