মেসিকে ছাড়াই আর্জেন্টিনার দাপটে বলিভিয়ার জালে ৪ গোল

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ এএম

লিওনেল মেসির অনুপস্থিতিতেও আর্জেন্টিনার আক্রমণভাগ যে যথেষ্ট কার্যকর, বলিভিয়ার বিপক্ষে তা দারুণভাবে প্রমাণ করেছে বিশ্বচ্যাম্পিয়নরা। কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে একতরফা ম্যাচে সফরকারী বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল।

মেসি ইতোমধ্যে জাতীয় দল থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। তবে বেনিনের বিপক্ষে ম্যাচে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর পরিকল্পনা রয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের। সে কারণে ওই ম্যাচে মাঠে নামার অনুরোধ জানানো হয়েছে তাকে। ফলে মেসির বিদায়ের আগে বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল তার অনুপস্থিতিতে আর্জেন্টিনার শক্তি যাচাইয়েরও একটি বড় উপলক্ষ।

ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে বলিভিয়ার ওপর চাপ তৈরি করে আর্জেন্টিনা। প্রথম ১০ মিনিটে বেশির ভাগ সময়ই বল ছিল বলিভিয়ার সীমানায়। তবে শুরুতে বেশ কিছু আক্রমণ করলেও পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে পারছিল না স্বাগতিকরা।

১৯ মিনিটে সেই অপেক্ষার অবসান ঘটে। দারুণ দলীয় সমন্বয়ের পর লাউতারো মার্তিনেজ নিচু শটে বলিভিয়ার গোলরক্ষককে পরাস্ত করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। ডান পায়ের নেওয়া তার শট ঠেকানোর সুযোগ পাননি বলিভিয়ার গোলরক্ষক।

গোলের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আর্জেন্টিনা। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নিকো পাজ। এজেকুয়েল পালাসিওসের দারুণ পাস পেয়ে বলিভিয়ার গোলরক্ষককে সামনে এগিয়ে আসতে দেখে চিপ শটে বল জালে পাঠান কোমোর এই ফরোয়ার্ড। প্রথমার্ধ শেষ হয় আর্জেন্টিনার ২-০ ব্যবধানে এগিয়ে থেকে।

বিরতির পরও আর্জেন্টিনার আধিপত্যে কোনো পরিবর্তন আসেনি। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটেই ব্যবধান ৩-০ করেন ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরো। নিকো পাজের নেওয়া দুর্দান্ত কর্নার থেকে হেডে গোল করেন আর্জেন্টিনার অধিনায়ক। তার গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি আর্জেন্টিনার হাতে চলে যায়।

এরপর একসঙ্গে তিনটি পরিবর্তন করেন স্কালোনি। দ্বিতীয়ার্ধের ১১ মিনিটে ফ্রাঙ্কো মাসতানতুয়ানো, ভ্যালেন্তিন বারকো ও লিওনার্দো বালের্দি মাঠে নামেন। তারা কুটি রোমেরো, নিকো পাজ ও জিয়ানলুকা প্রেতিয়াস্তানির জায়গা নেন।

দ্বিতীয়ার্ধের ২৯ মিনিটে আরও তিনটি পরিবর্তন করে আর্জেন্টিনা। এ সময় একুই ফের্নান্দেস, হোসে লোপেস ও সান্তিয়াগো সিমোন মাঠে নামেন। তারা জায়গা নেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লাউতারো মার্তিনেজ ও অগুস্তিন গিয়াইয়ের।

ম্যাচের শেষ দিকে আরও দুটি পরিবর্তন করেন স্কালোনি। দ্বিতীয়ার্ধের ৩৫ মিনিটে লিসান্দ্রো মার্তিনেজের বদলে মাঠে নামেন ভ্যালেন্তিন গোমেস। একই সময়ে এক্সেকিয়েল পালাসিওসের জায়গায় মাঠে আসেন লিওনেল ফ্লোরেস। এর মধ্য দিয়ে আর্জেন্টিনা তাদের সব পরিবর্তন ব্যবহার করে ফেলে।

তবে ম্যাচের শেষ মুহূর্তে বদলি হিসেবে নামা হোসে লোপেস আর্জেন্টিনার জয়কে আরও বড় করেন। দ্বিতীয়ার্ধের ৪১ মিনিটে বলিভিয়ার জালে বল পাঠিয়ে দলের চতুর্থ গোল করেন তিনি। মাঠে নামার কিছুক্ষণ পরই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ‘ফ্লাকো’ লোপেস।

ম্যাচজুড়েই বলিভিয়ার তুলনায় আর্জেন্টিনাকে অনেক বেশি সংগঠিত ও কার্যকর দেখা গেছে। মেসির অনুপস্থিতিতে কুটি রোমেরো অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেন। আর্জেন্টিনার একাদশে রোমান ভেগা ও জিয়ানলুকা প্রেতিয়াস্তিনির অন্তর্ভুক্তিও ছিল উল্লেখযোগ্য পরিবর্তন।

শেষ পর্যন্ত লাউতারো মার্তিনেজ, নিকো পাজ, কুটি রোমেরো ও হোসে লোপেসের গোলে ৪-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। মেসিকে ছাড়াই এই দাপুটে জয় জাতীয় দলের নতুন অধ্যায়ের সম্ভাবনাকেই সামনে আনল।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত