ভারতের মাটিতে ঐতিহাসিক আন্তর্জাতিক ম্যাচে দাপুটে জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে প্রথমবারের মতো মুখোমুখি হয়ে ভারতকে ৪-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল।
ম্যাচ ঘিরে শুরু থেকেই সল্টলেক স্টেডিয়ামে ছিল উৎসবের আবহ। ব্রাজিলের তারকা-সমৃদ্ধ দল দেখতে গ্যালারিতে ছিল দর্শকদের ব্যাপক উপস্থিতি। আনচেলত্তি তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে একাদশ সাজান। এই ম্যাচ দিয়েই ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় তরুণ গোলরক্ষক পেদ্রো মরিসকোর।
শুরুতে ব্রাজিলকে কিছুটা ছন্দহীন মনে হলেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা। ২৮ মিনিটে ডান দিক দিয়ে একক প্রচেষ্টায় ভারতের বক্সে ঢুকে শক্তিশালী শটে গোল করেন এস্তেভাও উইলিয়ান। তার গোলে এগিয়ে যায় ব্রাজিল।
প্রথমার্ধ শেষ হওয়ার তিন মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। বক্সের বাইরে থেকে পেদ্রোর নেওয়া জোরালো শট ভারতীয় গোলরক্ষকের হাতে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়। ফলে বিরতিতে ২-০ গোলে এগিয়ে থাকে ব্রাজিল।
দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হয় ব্রাজিলকে। ৫৮ মিনিটে পেদ্রোর পাস পেয়ে বক্সের বাঁ দিক দিয়ে ঢুকে চিপ শটে ভারতীয় গোলরক্ষককে পরাস্ত করেন স্যামুয়েল লিনো। ব্রাজিলের হয়ে এটি ছিল তার দ্বিতীয় ম্যাচ এবং প্রথম গোল।
এরপর ৬০ থেকে ৮০ মিনিটের মধ্যে কয়েকটি সুযোগ তৈরি করে ভারত। রায়ান উইলিয়ামস ও মানভির সিং গোলের কাছাকাছি গিয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি। ব্রাজিলও শেষ দিকে একাধিক আক্রমণ সাজায়।
ইনজুরি সময়ে আবারও গোল করেন লিনো। বক্সের মধ্যে ভারতের দুই ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। তাতেই ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় ব্রাজিলের।
ফিফা র্যাংকিংয়ে ব্রাজিলের অবস্থান ষষ্ঠ, আর ভারত রয়েছে ১৩৮তম স্থানে। শক্তিমত্তার ব্যবধান স্পষ্ট হলেও বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে প্রথমবারের মতো মাঠে নেমে ভারত বেশ কয়েকটি আক্রমণের সুযোগ তৈরি করেছিল। শেষ পর্যন্ত অবশ্য গোলের সুযোগ কাজে লাগানোর দক্ষতা ও আক্রমণের ধারেই বড় জয় নিয়ে কলকাতা ছাড়ে ব্রাজিল।
৯ গোল খেয়ে হারের পর নাইটক্লাবে সাদ ও সোহেল!
রোনালদো ছাড়াই ডেনমার্ককে উড়িয়ে দিল পর্তুগাল
বাংলাদেশকে ৯-২ গোলে হারালো ইন্দোনেশিয়া