সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পিএম

লালমনিরহাটের আদিতমারীতে ভাইয়ের সঙ্গে জমিজমার বিরোধ মীমাংসার কথা বলে ডেকে নিয়ে এক নারীকে (৩২) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য হোসেন আলীর বিরুদ্ধে। রোববার (৪ অক্টোবর) এ ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্যসহ দুইজনের নাম উল্লেখ করে আদিতমারী থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী।

অভিযুক্ত হোসেন আলী পলাশী ইউনিয়নের মদনপুর ফকিরটারী গ্রামের মৃত তসর উদ্দিনের ছেলে এবং ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

অভিযোগে জানা গেছে, পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শনিবার সন্ধ্যায় ভুক্তভোগী নারীকে একটি মুরগির খামারে ডেকে নেন সাবেক ইউপি সদস্য হোসেন আলী। পরে ইউপি সদস্য ও তার সহযোগী দুলু মিয়া ওই নারীকে জোরপূর্বক পাশের একটি ধানক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। নারীটি বাধা দিলে তারা তাকে এলোপাতাড়ি মারধর ও কামড়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। এ সময় ভুক্তভোগীর আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে ওই নারীকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য হোসেন আলী দাবি করেন, তাকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব জানান, ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টির তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএম
আরও পড়ুন