সোনা জিতে উজ্জ্বল সৌদির এশিয়ান গেমস

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২২ পিএম

জাপানে রোববার (৪ অক্টোবর ) শেষ হয়েছে ২০তম এশিয়ান গেমস। শেষ দিনে শো জাম্পিংয়ে সোনা জিতে সৌদি আরবের পদকসংখ্যা নিয়ে গেছেন রামজি আল-দাহামি। ১৭টি পদক নিয়ে চূড়ান্ত তালিকায় ১৮তম স্থানে থেকে আসর শেষ করেছে দেশটির দল।

সৌদি আরবের এই সংগ্রহে আছে চারটি সোনা, তিনটি রুপা ও ১০টি ব্রোঞ্জ। ১৯৮২ সালে প্রথমবার অংশ নেওয়ার পর এশিয়ান গেমসের ইতিহাসে এটাই দেশটির সর্বোচ্চ পদকসংখ্যা।

সোনার পদক এসেছে চারটি ইভেন্টে। জুজুৎসুর ৯৪ কেজির নিচের ক্যাটাগরিতে জিতেছেন ওমর নাদা, ৮৫ কেজির নিচের ক্যাটাগরিতে আবদুল্লাহ তারিক নাদা। অশ্বারোহণের শো জাম্পিংয়ে দলগত সোনা জিতেছেন আল-দাহামি, খালিদ আল-মুবতি, আবদুর রহমান আল-রাজহি ও সাদ আল-আজমি। ব্যক্তিগত ইভেন্টে সোনা পেয়েছেন আল-দাহামি।

আগের সেরা ছিল ২০০৬ সালের দোহা আসরের ১৪টি পদক, যার মধ্যে আটটি সোনা ও ছয়টি ব্রোঞ্জ। এরপর রয়েছে ২০০২ সালে দক্ষিণ কোরিয়ার বুসান আসরের নয়টি পদক। সেবার সাতটি সোনা, একটি রুপা ও একটি ব্রোঞ্জ জিতে এশিয়ায় ১১তম স্থান পেয়েছিল সৌদি আরব, যা এখনো দেশটির সর্বোচ্চ অবস্থান।

নাগোয়া ২০২৬-এর শেষ দিনে অভিজ্ঞ রাইডার আল-দাহামি এশিয়ান গেমসে নিজের পদকসংখ্যা নিয়ে গেছেন ছয়ে, পাঁচটি সোনা ও একটি ব্রোঞ্জ। এতে ২০১০ সালের গুয়াংজু আসরে তাঁর ঐতিহাসিক ‘ডাবল’ জয়ের স্মৃতি ফিরে এসেছে।

দলগত ইভেন্টে আল-মুবতি ও আল-রাজহি ২০২২ সালের হাংজু আসরের পর এবারও সোনা ধরে রেখে মহাদেশীয় আধিপত্য নিশ্চিত করেছেন। চার সদস্যের ওই দলে ছিলেন আল-দাহামি ও আল-আজমিও। এশিয়ান গেমসে আল-আজমির এটাই প্রথম সোনা।

জুজুৎসুতে ৯৪ কেজির নিচের ক্যাটাগরিতে সোনা জিতেছেন ওমর নাদা। হাংজুতে তিনি ব্রোঞ্জ পেয়েছিলেন। তাঁর ১৯ বছর বয়সী ভাই আবদুল্লাহ তারিক নাদা প্রথম অংশগ্রহণেই সোনা জিতে মহাদেশীয় মঞ্চে নিজের আগমনী বার্তা দিয়েছেন।

আসরটি সৌদি নারী অ্যাথলেটদের জন্যও ছিল মাইলফলক। ক্যারাটে দলের তারকা দিনা আহমেদ মুস্তাফা দেশটির হয়ে এশিয়ান গেমসে প্রাপ্তবয়স্ক পর্যায়ের প্রথম পদক জিতেছেন। কুমিতে ইভেন্টের ৬৮ কেজির বেশি ক্যাটাগরিতে তৃতীয় স্থা নির্ধারণী লড়াইয়ে নেপালের আরুকা গুরুংকে হারিয়ে তিনি ব্রোঞ্জ জেতেন।

এটিটিআর
আরও পড়ুন