মার্কিন অর্থনীতির সামনে ভয়াবহ বিপদ: গালিবাফ

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পিএম

মার্কিন অর্থনীতির সামনে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে বলে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় একটি অর্থনৈতিক মিম প্রকাশ করে তিনি এ মন্তব্য করেন।

মিমটির সঙ্গে গালিবাফ লেখেন, ভূত! তোমার আত্মা গ্রাস করতে আসার জন্য কি প্রস্তুত? মিমটিতে তেল ও ডিজেলের দাম, ভোক্তাদের আস্থা এবং আবাসনের ক্রয়ক্ষমতাসহ মার্কিন অর্থনীতির বিভিন্ন সূচকের রেখাচিত্র একত্র করে একটি ভূতের আকৃতি তৈরি করা হয়েছে।

মিমটির মাধ্যমে বোঝানো হয়েছে, ভয় পাওয়ার জন্য হ্যালোইনের অপেক্ষা করার প্রয়োজন নেই; কখনো কখনো শুধু ব্যবসাবিষয়ক পাতাটি খুললেই যথেষ্ট। অর্থাৎ মার্কিন অর্থনীতির বিভিন্ন সূচকই দেশটির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে ব্যঙ্গ করা হয়েছে।

গালিবাফ আরও উল্লেখ করেন, মিমটিতে বেসেন্টের সদ্য নিয়োগ পাওয়া বিশেষ উপদেষ্টা ডেভিড জারভোসকেও দেখা যাচ্ছে। তিনি সুদের হার কমানোর পক্ষে অবস্থান নেওয়া ব্যক্তি হিসেবে পরিচিত। গালিবাফের ভাষ্য অনুযায়ী, জারভোস অঙ্গীকার করেছিলেন যে ফেডারেল রিজার্ভ সুদের হার না কমানো পর্যন্ত তিনি চুল কাটবেন না।

গালিবাফের এ মন্তব্যের আগে মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট দাবি করেছিলেন, অপারেশন ইকোনমিক আউটকাস্ট ফল দিতে শুরু করেছে। তাঁর দাবি অনুযায়ী, ইরানি মুদ্রা রিয়ালের বিনিময়মূল্য রেকর্ড নিম্নে নেমে গেছে এবং গত মাসে ইরান থেকে কোনো অপরিশোধিত তেল ট্যাংকারে তোলা হয়নি।

বেসেন্ট আরও দাবি করেন, ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাও স্বীকার করেছেন যে দেশটি ইতিহাসের অন্যতম কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এসব বক্তব্যের প্রতিক্রিয়াতেই মার্কিন অর্থনীতির বিভিন্ন সূচককে ভূতের অবয়বে তুলে ধরে পাল্টা ব্যঙ্গ করেন গালিবাফ। সূত্র: মেহর নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন