আশাশুনিতে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫০ এএম

সাতক্ষীরার আশাশুনিতে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রবিউল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি গ্রামে এই ঘটনা ঘটে।

আটককৃত রবিউল ইসলাম একই এলাকার বাসিন্দা। তিনি গুনাকরকাটি বাজারে ফার্নিচার মিস্ত্রি হিসেবে কাজ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় তিনি ঘটনাস্থলের পেছনে একটি চালের চাতালে কাজ করছিলেন। এ সময় তিনি দেখতে পান, রবিউল ইসলাম চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে অচেতন অবস্থায় বাইরে রেখে দ্রুত দোকান বন্ধ করে চলে যাচ্ছেন। পরে তিনি শিশুটিকে উদ্ধার করে মাথায় পানি দেন। কিছুক্ষণ পর শিশুটি সুস্থ হলে তার কাছে ঘটনার বিবরণ শোনেন। এরপর তাকে বাড়িতে পৌঁছে দিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন রবিউল ইসলামকে আটক করে রাখেন। পরে আশাশুনি থানার উপপরিদর্শক (এসআই) আনজির হোসেন ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত