ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্রমাগত হামলা ও আঞ্চলিক উত্তেজনার মধ্যেও বিশ্বজুড়ে নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করার অঙ্গীকার করেছে সৌদি আরব।
দেশটির জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুলআজিজ বিন সালমান আল সৌদ জানান,যেকোনো পরিস্থিতি মোকাবিলা করে আন্তর্জাতিক জ্বালানি বাজারের চাহিদা পূরণে রিয়াদ সম্পূর্ণ প্রস্তুত এবং এ খাতে ক্রমাগত বিনিয়োগ বাড়াবে।
রিয়াদে অনুষ্ঠিত ১৭তম 'আন্তর্জাতিক জ্বালানি ফোরাম' (আইইএফ)-এর মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রিন্স আবদুলআজিজ বলেন, "যে পরিস্থিতিই আসুক না কেন, বিশ্ববাজারে নিজের প্রতিশ্রুতি রক্ষা করতে সৌদি আরব দৃঢ়প্রতিজ্ঞ।"
তিনি সৌদি আরবের বিখ্যাত 'ইস্ট-ওয়েস্ট পাইপলাইন'-এর উদাহরণ টেনে বলেন, এই অবকাঠামোটি লোহিত সাগরের ইয়ানবু বন্দরের মাধ্যমে বিশ্ববাজারে জ্বালানি পাঠানোর বিকল্প পথ তৈরি করেছে। এটি জ্বালানি ব্যবস্থার স্থিতিস্থাপকতা বাড়াতে সৌদি আরবের দূরদর্শী চিন্তারই প্রতিফলন।
উল্লেখ্য, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ সৌদি আরবের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় হুথিদের সাম্প্রতিক বিমান হামলা এবং ইরান ও মার্কিন-ইসরায়েল যুদ্ধের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেই মন্ত্রী পর্যায়ের এই দ্বিবার্ষিক বৈশ্বিক সম্মেলনটি অনুষ্ঠিত হলো।
সূত্র: আল-জাজিরা
সৌদি আরবে হামলা পুরো উপসাগরের জন্য হুমকি: আনোয়ার গার্গাশ