মুক্তির দশম দিনে ৩০০ কোটির ক্লাবে ‘দৃশ্যম ৩’

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পিএম

বলিউড অভিনেতা অজয় দেবগনের ক্যারিয়ারে নতুন মাইলফলক। মুক্তির মাত্র ১০ দিনেই ৩০০ কোটি রুপির ঘর পেরিয়েছে তার অভিনীত ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। এর মধ্য দিয়ে ভারতের বক্স অফিসে অভিনেতার সবচেয়ে বেশি আয় করা সিনেমা হয়ে উঠেছে ছবিটি। এর আগে অজয়ের সর্বোচ্চ আয় করা সিনেমা ছিল ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’।

বক্স অফিসের হিসাব অনুযায়ী, মুক্তির দশম দিনে ছবিটি ভারতে নিট ২২ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। এদিন দেশজুড়ে ১৪ হাজার ৮৭২টি প্রদর্শনী থেকে এই আয় আসে। ফলে ভারতে সিনেমাটির মোট নিট আয় দাঁড়িয়েছে ৩০৯ কোটি রুপি। আর মোট আয় হয়েছে ৩৭০ কোটি ৮০ লাখ রুপি। ভারতের বাইরেও ভালো ব্যবসা করছে ছবিটি। দশম দিনে বিদেশের বাজার থেকে সিনেমাটি আয় করেছে ৬ কোটি রুপি। এতে বিদেশে মোট আয় দাঁড়িয়েছে ১০৯ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির মোট আয় এখন ৪৭৯ কোটি ৮০ লাখ রুপি।

এর আগে অজয় দেবগনের ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ ভারতে নিট ২৭৯ কোটি ৫৯ লাখ রুপি আয় করেছিল। বিশ্বব্যাপী ছবিটির আয় ছিল ৩৬৭ কোটি ৬৫ লাখ রুপি। সেই রেকর্ড ছাড়িয়ে ‘দৃশ্যম ৩’ এখন অজয়ের ক্যারিয়ারের সবচেয়ে সফল সিনেমা।

চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শও ছবিটির সাফল্যের বিষয়টি তুলে ধরেছেন। তার ভাষ্য অনুযায়ী, ২০২৬ সালে ৩০০ কোটি রুপির নিট আয়ের ক্লাবে প্রবেশ করা চতুর্থ হিন্দি সিনেমা হতে যাচ্ছে ‘দৃশ্যম ৩’। এর আগে এই তালিকায় জায়গা করে নিয়েছে ‘ধুরন্ধর ২’, ‘বর্ডার ২’ ও ‘হনুমান অংশ’।

অভিষেক পাঠক পরিচালিত ছবিটিতে অজয় দেবগনের সঙ্গে অভিনয় করেছেন- জয়দীপ আহলাওয়াত, টাবু, শ্রিয়া শরণ, রজত কাপুর, প্রকাশ রাজ ও ইশিতা দত্ত। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম ২’-এর পরবর্তী কিস্তি এটি। আগের দুই ছবির তুলনায় এবারের গল্পটি মৌলিক এবং মালয়ালম সংস্করণের গল্পের সঙ্গে সরাসরি যুক্ত নয়।

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত