পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার দুপুরে নওয়ান কিল্লি এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে।
পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা (আইএসপিআর) এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, যান্ত্রিক ত্রুটির কারণে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় প্রাণ হারানো দুই কর্মকর্তা হলেন প্রশিক্ষক মেজর হুসনাইন শেহজাদ হুমায়ুন এবং প্রশিক্ষণার্থী ক্যাপ্টেন আবদুল সামাদ।
সেনা কর্মকর্তাদের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। উভয়েই শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, পাকিস্তানে সাম্প্রতিক সময়ে সামরিক বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনার হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের জুনেও একটি এমআই-১৭ হেলিকপ্টার এবং বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা ঘটে।
এছাড়া গত বছরের সেপ্টেম্বরেও দেশটির চিলাস এলাকায় প্রযুক্তিগত ত্রুটির কারণে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হলে পাঁচজন ক্রু সদস্য প্রাণ হারিয়েছিলেন।
সূত্র: দ্য ডন
পররাষ্ট্র মন্ত্রণালয়ে চমক: একযোগে সচিব হলেন তিন নারী কূটনীতিক