জেরুজালেমে কলম্বিয়ার দূতাবাস খোলার নিন্দা ইরানের

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১১:৪৯ এএম

অধিকৃত আল-কুদস বা জেরুজালেমে কলম্বিয়ার দূতাবাস খোলার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কলম্বিয়ার এ পদক্ষেপ জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির পরিপন্থী।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আল-কুদস ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। সেখানে দূতাবাস খোলার সিদ্ধান্তের পরিণতির দায় কলম্বিয়া সরকারকে নিতে হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, আন্তর্জাতিক আইন অনুযায়ী সব রাষ্ট্রের দায়িত্ব হলো এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকা, যা ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারত্বকে স্বীকৃতি দেওয়ার শামিল।

ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রসঙ্গ

বিবৃতিতে আরও বলা হয়, কলম্বিয়ার বর্তমান সরকারের এ সিদ্ধান্ত ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক। ইরানের দাবি, অধিকৃত জেরুজালেমে দূতাবাস খোলার মাধ্যমে কলম্বিয়া সরকার ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারত্বকে বৈধতা দেওয়ার অবস্থান নিয়েছে।

তেহরানের মতে, জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সম্মান করার বিষয়ে কলম্বিয়ার আন্তর্জাতিক আইনগত বাধ্যবাধকতার সঙ্গেও এ সিদ্ধান্তের বিরোধ রয়েছে। এ কারণে সিদ্ধান্তটির পরিণতির দায় কলম্বিয়া সরকারকে বহন করতে হবে বলে বিবৃতিতে বলা হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় লাতিন আমেরিকার জনগণের স্বাধীনতা ও ন্যায়বিচারের ঐতিহাসিক সংগ্রামের প্রসঙ্গও তুলে ধরে। তাদের বক্তব্য, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারত্বকে বৈধতা দেওয়ার যেকোনো পদক্ষেপ ওই অঞ্চলের স্বাধীনতার আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক।

সূত্র: তাসনিম নিউজ

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত