ঢাকেশ্বরীতে মহড়া: পূজার নিরাপত্তায় রোবট নামালো ডিএমপি

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০২:০১ এএম

আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে রাজধানী ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং ভক্তদের সুরক্ষা দিতে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে একটি বিশেষ নিরাপত্তামূলক মহড়া চালিয়েছে ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিট।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিং শেষে এই মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় জরুরি পরিস্থিতি সামাল দেওয়া এবং তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার দক্ষতা প্রদর্শন করা হয়। মহড়ায় ডিএমপির বিশেষায়িত টিম 'সোয়াট' এবং ডগ স্কোয়াড (কে-নাইন) অংশ নেয়।

এই মহড়ার প্রধান আকর্ষণ ছিল অত্যাধুনিক প্রযুক্তির রোবট ব্যবহার করে বোমা নিষ্ক্রিয় করার কৌশল প্রদর্শন। এতে কোনো মানবঝুঁকি ছাড়াই জটিল নিরাপত্তা সংকট সমাধানের উপায় তুলে ধরা হয়। যা আসন্ন উৎসবে যেকোনো অপপ্রয়াস রুখে দিতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মহড়া তদারকি করেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। এছাড়া অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো: শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোহাম্মদ শামসুল হক এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন) মো: আবুল বাশার তালুকদারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

এইচএন
আরও পড়ুন