ইরানে নিহত নারী কমান্ডার সম্পর্কে যা জানা গেলো

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ এএম

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে উত্তেজনা আরও ঘনীভূত হয়েছে। এবার অঞ্চলটিতে আধাসামরিক বাহিনী বাসিজের এক প্রভাবশালী নারী কমান্ডারকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, মেহরেস্তান শহরে নিজ বাসভবনের সামনে আততায়ীদের গুলিতে প্রাণ হারান নারী বাসিজ ইউনিটের প্রধান আফসানেহ আঘিলা। তবে হামলাকারীদের পরিচয় এখনো অস্পষ্ট।

উল্লেখ্য, বাসিজ হলো আইআরজিসির একটি স্বেচ্ছাসেবী শাখা, যা সরকারবিরোধী আন্দোলন দমনে বড় ভূমিকা রাখে। এই ইউনিটের নারী সদস্যরা শোভাযাত্রায় অংশগ্রহণের পাশাপাশি অস্ত্র পরিচালনায় বিশেষ প্রশিক্ষণ পেয়ে থাকেন।

একই দিনে মেহরেস্তানে পুলিশের গাড়ি লক্ষ্য করে অতর্কিত হামলা চালানো হয়। এই হামলায় মোহাম্মদ-আলি শাহরিয়ারি নামে এক পুলিশ সদস্য নিহত হন, তবে দুই ঘটনার মাঝে সংযোগ আছে কি না তা তদন্তাধীন।

এদিকে সুন্নি জিহাদি ও বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী 'জৈশ আল-আদল' দাবি করেছে, তাফতান, কুরিন ও চাবাহার বন্দর এলাকায় তাদের সাথে ইরানি বাহিনীর অন্তত তিন দফায় তুমুল বন্দুকযুদ্ধ হয়েছে।

সিস্তান ও বেলুচিস্তান প্রদেশটিতে মূলত দারিদ্র্যপীড়িত সুন্নি বেলুচ জনগোষ্ঠীর বসবাস। বেকারত্ব ও উন্নয়নবঞ্চনার সুযোগে গত সেপ্টেম্বর থেকে এই অঞ্চলে সরকারি বাহিনীর ওপর সশস্ত্র হামলা আশঙ্কাজনকভাবে বেড়েছে।

ইরান সরকার এই সহিংস চরমপন্থীদের পেছনে মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ইন্ধন রয়েছে বলে দাবি করলেও এর সপক্ষে কোনো প্রত্যক্ষ প্রমাণ প্রকাশ্যে আনেেনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি মৃত্যুদণ্ড কার্যকরের কৌশল নিয়েছে তেহরান। সম্প্রতি জৈশ আল-আদলের সাথে জড়িত থাকার অভিযোগে এক বেলুচ যুবকের ফাঁসি কার্যকর করা হয়েছে।

এইচএন
আরও পড়ুন