ফিলিস্তিনের গাজা উপত্যকায় ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ৩৪০টিরও বেশি শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক শ শিশু। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
জেনেভায় জাতিসংঘের সদর দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেস বলেন, গাজায় অব্যাহত অবরোধের মধ্যেও ফিলিস্তিনিদের ওপর হামলা চলেছে।
তিনি জানান, গত দুই সপ্তাহে হামলায় পাঁচ ছেলে ও দুই মেয়ে শিশু নিহত হয়েছে। এ সময় অন্তত আরও ৩৩ শিশু গুরুতর আহত হয়েছে।
ইউনিসেফের মুখপাত্র বলেন, গাজায় প্রায় আট লাখ শিশু এখনো বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে। তাদের অধিকাংশই তাঁবুতে কিংবা ঝুঁকিপূর্ণ ভবনে আশ্রয় নিয়ে আছে।
শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এসব শিশুর দুর্ভোগ আরও বাড়তে পারে বলে সতর্ক করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, টানা চতুর্থ বছরের মতো ফিলিস্তিনি শিশুদের অনিরাপদ ও অমানবিক পরিবেশে শীত পার করতে হতে পারে।
যুদ্ধবিরতির পরও শিশুদের প্রাণহানি, বাস্তুচ্যুতি এবং আশ্রয়সংকট অব্যাহত থাকায় গাজার মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ।
ওয়াশিংটন ও মস্কোর নতুন মেরুকরণে সংকটে ইউক্রেন