রিয়াদ সহায়তা চাইলে প্রতিরক্ষায় পাশে দাঁড়াবে মিসর: সিসি

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পিএম

সৌদি আরবের অনুরোধ এলে দেশটিকে প্রতিরক্ষামূলক সহায়তা দেওয়ার অনুমোদন নিতে রোববার (১৮ অক্টোবর) পূর্ণাঙ্গ অধিবেশনে বসছে মিসরের পার্লামেন্ট। দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এ বিষয়ে অনুমোদন চাওয়ার পর পার্লামেন্টের এই অধিবেশন আহ্বান করা হয়েছে।

মিসরের সংবাদমাধ্যম আল-আহরামের বরাত দিয়ে জানানো হয়েছে, প্রেসিডেন্টের অনুরোধের পরিপ্রেক্ষিতে রোববার ১৮ অক্টোবর স্থানীয় সময় দুপুর ১টায় পার্লামেন্টের পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক সময় অনুযায়ী, অধিবেশনটি সকাল ১০টায় শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে নতুন রাজধানীতে মিসরের সামরিক একাডেমির সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন আল-সিসি। সেখানে তিনি বলেন, সৌদি আরবের পক্ষ থেকে সহায়তা চাওয়া হলে দেশটির প্রতিরক্ষায় সহায়তা দিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে মিসর।

তবে সৌদি আরবকে এ ধরনের সহায়তা দেওয়ার ক্ষেত্রে পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে বলে উল্লেখ করেন মিসরের প্রেসিডেন্ট। এ কারণেই রিয়াদ সহায়তা চাইলে প্রস্তাবিত পদক্ষেপের অনুমোদন নিতে জরুরি অধিবেশন আহ্বানের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রেসিডেন্টের বক্তব্যের পর পার্লামেন্টের রোববারের অধিবেশনে সৌদি আরবকে প্রতিরক্ষামূলক সহায়তা দেওয়ার বিষয়ে অনুমোদনের প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে সৌদি আরব আনুষ্ঠানিকভাবে সহায়তা চেয়েছে কি না, সে বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে কোনো তথ্য দেওয়া হয়নি। সূত্র: ডন

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত