ফ্যামিলি কার্ড চালুর কারণে তালাক বন্ধ হয়েছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তাঁর দাবি, মায়েদের নামে ফ্যামিলি কার্ড দেওয়ার মাধ্যমে তাঁদের আর্থিকভাবে শক্তিশালী করা হয়েছে। একই সঙ্গে সরকারের ভালো কাজগুলো বারবার মানুষের সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন চিফ হুইপ।
ফ্যামিলি কার্ডের প্রসঙ্গ তুলে নূরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মায়েদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়েছেন। এর মাধ্যমে তাঁদের শক্তিশালী করা হয়েছে। কার্ডটি মায়েদের নামে হওয়ায় তাঁরাই এর সুফল ভোগ করবেন বলে মন্তব্য করেন তিনি।
চিফ হুইপ বলেন, ‘মায়েদের দুইটা সন্তানসহ তালাক দিবা, সেই সুযোগ আর নাই। এই তালাক বন্ধ করেছে এই ফ্যামিলি কার্ড।’
তিনি আরও বলেন, ‘এখন জামাইয়ের (স্বামী) ভাত খাইতে হইলে ওই মহিলার কাছে আসতে হবে। সেই কাজটা করেছেন তারেক রহমান সাহেব।’ সরকারের এই উদ্যোগকে ভালো কাজ হিসেবে বিবেচনা করলে তা বড় করে প্রচার করার আহ্বানও জানান তিনি। তাঁর ভাষ্য, সরকারের ইতিবাচক কাজগুলো মানুষকে বারবার মনে করিয়ে দেওয়া প্রয়োজন।
বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন নূরুল ইসলাম মনি। ভারতের আদানি কোম্পানির সঙ্গে করা বিদ্যুৎ চুক্তির সমালোচনা করে তিনি বলেন, ওই চুক্তির পেছনে যে অর্থ ব্যয় হচ্ছে, তা দিয়ে দেশে পাঁচটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা যেত। এ ছাড়া বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে একটি চক্র জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করেছিল বলেও অভিযোগ করেন তিনি।
সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট বার্তা হলো, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’, এই নীতিতে দেশ পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় গত দুই বছরে দেশে কোনো প্রতিমা বা মূর্তি ভাঙার ঘটনা ঘটেনি বলেও দাবি করেন নূরুল ইসলাম মনি।
বরগুনায় আয়োজিত আইনশৃঙ্খলাবিষয়ক ওই সভায় আরও উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, জেলা প্রশাসক তাসলিমা আক্তার, পুলিশ সুপার কুদরত খুদা এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লাসহ অন্যরা।
বিদেশি হস্তক্ষেপমুক্ত আঞ্চলিক নিরাপত্তা চায় ইরান
আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি জরুরি: খতিবজাদেহ
সৌদি-ইয়েমেন বিরোধ মেটাতে সহায়তায় প্রস্তুত ইরান: বাঘাই