শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে নেমেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
শনিবার (১৭ অক্টোবর) গাজীপুরের পূর্ব চান্দরা এলাকার একটি মন্দির পরিদর্শনের মাধ্যমে তিনি প্রান্তিক পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন।
পূজামণ্ডপ পরিদর্শনের সময় বাহিনীর প্রধান জানান, উৎসবের সময়ে সার্বিক নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় দেশজুড়ে ২ লাখ ১২ হাজারের বেশি আনসার ও ভিডিপি সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। এছাড়া যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলার লক্ষ্যে সারা দেশে ১০৪টি বিশেষ স্ট্রাইকিং টিম প্রস্তুত রাখা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থাকে আধুনিক ও কার্যকর করতে এবার ‘শারদীয় সুরক্ষা অ্যাপস’ ব্যবহার করা হচ্ছে। এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে দ্রুত তথ্য আদান-প্রদান, মাঠপর্যায়ের পরিস্থিতি মূল্যায়ন এবং যেকোনো অপ্রীতিকর ঘটনায় দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া সহজ হচ্ছে।
মহাপরিচালক সতর্ক করে জানান, কিছু কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম বা গুজবের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাতে পারে। তাই সাধারণ মানুষ, স্থানীয় প্রশাসন ও পূজা উদযাপন কমিটিকে একযোগে সচেতন থেকে যেকোনো উসকানি প্রতিহত করার আহ্বান জানান তিনি।
নিরাপত্তার পাশাপাশি বাহিনীর সামাজিক উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরে তিনি কর্মহীন যুবসমাজকে আনসার-ভিডিপির প্রশিক্ষণ নেওয়ার আহ্বান জানান। বিশেষ করে ‘সঞ্জীবন প্রকল্প’-এর মাধ্যমে প্রান্তিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও জীবনমান উন্নয়নে কাজ করছে এই বাহিনী।
হরমুজ তেলবাহী ট্যাঙ্কারে হামলা, রিয়াদে ড্রোন ভূপাতিত
সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ প্রাণহানি, আহত ১০