লে পেন ফ্রান্সের প্রেসিডেন্ট হলে 'বিপদে পড়বে' ইউক্রেন

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫২ পিএম

ফ্রান্সের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থি নেতা মেরিন লে পেন জয়ী হলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজেট, ইউক্রেনকে আর্থিক সহায়তা এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা নিয়ে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। ইইউর সঙ্গে ফ্রান্সের সম্পর্কেও তৈরি হতে পারে নতুন টানাপোড়েন।

ইউরো নিউজের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরে বলা হয়েছে, ফ্রান্সের কট্টর ডানপন্থি দল ন্যাশনাল র‍্যালির নেতা লে পেন ইউরোপীয় ইউনিয়নের প্রতি ফ্রান্সের আর্থিক অবদান কমানো এবং ইউক্রেনকে অর্থায়ন বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে তিনি রাশিয়ার ওপর ইইউর নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছেন।

বুধবার (১৪ অক্টোবর) ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় লে পেন বলেন, ফ্রান্সের সরকারি অর্থব্যবস্থার ‘ঝুঁকিপূর্ণ’ অবস্থার কারণে ইউক্রেনকে বর্তমান আর্থিক সহায়তা আর মাত্র ছয় মাস চালিয়ে যাওয়া সম্ভব। ইউরোনিউজকে তিনি বলেন, ‘এই অর্থায়ন বন্ধ হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সত্যিটা জানানো সততার বিষয়।’

তবে লে পেনের বক্তব্যের সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। বৃহস্পতিবার ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এর জন্য যে মূল্য দিতে হবে, তা মানুষের জীবনের মূল্যের চেয়ে বেশি নয়।’ লে পেন ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইউরোপের কার্যকর ও শক্তিশালী ব্যবস্থার সঙ্গে তার পরিচিত হওয়া উচিত বলেও মন্তব্য করেন জেলেনস্কি। তার মতে, যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের অর্জিত অভিজ্ঞতা ইউরোপের অন্যান্য দেশের নিরাপত্তা জোরদারে কাজে লাগতে পারে।

জেএম
আরও পড়ুন