জিম্বাবুয়ের কাছে হারের পর আইসিসির শাস্তি পেলো বাংলাদেশ

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পিএম

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানে হারের পর এবার জরিমানার মুখে পড়েছে বাংলাদেশ দল। নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে না পারায় দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচে স্লো ওভার রেটের কারণে এই শাস্তি দেওয়া হয়েছে। আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বোলিংয়ের ন্যূনতম হার বজায় রাখতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়।

সেই হিসাবে এক ওভার পিছিয়ে থাকায় বাংলাদেশের একাদশে থাকা প্রত্যেক ক্রিকেটারকে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা দিতে হবে। বাংলাদেশ দলের অধিনায়ক তাওহীদ হৃদয় অভিযোগ মেনে নেওয়ায় এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

দলের নিয়মিত অধিনায়ক লিটন দাস চোটের কারণে খেলতে না পারায় এই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেন হৃদয়। অন্যদিকে, অসুস্থতার কারণে একাদশে ছিলেন না সদ্য সাবেক অধিনায়ক মেহেদী হাসান মিরাজও।

এএম
আরও পড়ুন