'নতুন বাংলাদেশ' গড়ার লক্ষ্যে মেগা উন্নয়নের বার্তা নিয়ে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো রাজশাহীতে সফরে যাচ্ছেন তারেক রহমান। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) এই সফর উপলক্ষে পুরো বিভাগীয় শহরে কঠোর নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী রাজশাহীর ঐতিহ্যবাহী ধর্মসভা মন্দিরের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করবেন। এরপর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ইতিমধ্যে দলীয় উচ্চপর্যায়ের নেতা ও প্রশাসনের কর্তাব্যক্তিরা জনসভাস্থল ও সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেছেন।
সফরের প্রস্তুতি নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন জানান, বর্তমান সরকার 'নতুন বাংলাদেশ' গড়ার লক্ষ্যে কাজ করছে। এই সফরের মাধ্যমে রাজশাহীর মেগা উন্নয়ন প্রকল্পগুলো নতুন গতি পাবে।
উল্লেখ্য, প্রস্তাবিত নতুন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বিমান চত্বর থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত চার লেন সড়ক এবং শহরের বিভিন্ন সংযোগ সড়ক প্রশস্তকরণ। তাছাড়া নগরীর ৩০টি ওয়ার্ডে খেলার মাঠ ও প্রবীণদের জন্য পার্ক নির্মাণের পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিত ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর যৌথ নজরদারিতে পুরো পথ ও সভাস্থল নিরাপদ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
ইয়েমেনে হুথিদের রক্তক্ষয়ী হামলায় নিহত ৫৩ সেনা, আহত ২০০