রাজধানীর মিরপুর-১ এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় ছাত্রদলের সাবেক নেতা আবুল কালাম আজাদ ওরফে শুটার লেলিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শাহ আলী থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শুটার লেলিনকে গতকাল আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে হ্যামার, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে প্রবেশ করে। তারা প্রতিষ্ঠানের প্রাচীর টপকে ভেতরে ঢুকে দায়িত্ব পালনরত দুই নৈশপ্রহরী আন্দ্রিয় সরকার (৪৩) ও মো. আব্দুল হাইকে (৬৩) মারধর করে বেঁধে ও আটকে রাখে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, পরে হামলাকারীরা হ্যামার দিয়ে প্রতিষ্ঠানের প্রধান ফটক ভেঙে একটি ভেকু নিয়ে ভেতরে প্রবেশ করে। এরপর প্রতিষ্ঠানের পূর্ব পাশে থাকা প্রায় ২৮ ফুট লম্বা ও ১৫ ফুট চওড়া একটি সেমিপাকা ঘর ভেকু দিয়ে ভেঙে ফেলা হয়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
‘এসব সাংবাদিকগুলোরে কুত্তার মতো পেটানো দরকার’