রিয়াদ ও দাম্মাম রুটে আবার ফ্লাইট চালুর সিদ্ধান্ত

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৮:১১ পিএম

নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম রুটে আবার ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু হবে। আর ২৫ অক্টোবর থেকে পুনরায় রিয়াদে ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সময় ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদের উদ্দেশে একটি ফ্লাইট ছেড়ে যাবে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে রিয়াদগামী অন্য ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে ২২ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট পরিচালনা করা হবে। এসব ফ্লাইটে ব্যবহার করা হবে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ।

বিমান জানিয়েছে, ২২ অক্টোবর ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ ছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে।

অন্যদিকে মদিনা রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। এ রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মদিনাগামী ফ্লাইটের কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

ফ্লাইট পরিচালনা ও সময়সূচি সম্পর্কে পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে বিমান। টিকিট কেনা, বুকিং ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

এর আগে, চলতি মাসের প্রথম দিকে সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১৪ জন নিহত হন। এরপর বিমানবন্দরটিতে ফ্লাইট চলাচল স্থগিত করে সৌদি কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে ১০ অক্টোবর ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট বাতিল করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পরে দাম্মাম রুটের ফ্লাইটও বাতিল করা হয়।

এএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত