দুর্নীতি দূর করতে হলে রাজনৈতিক নেতাদের আগে নিজেদের সৎ ও দুর্নীতিমুক্ত হতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো: আসাদুজ্জামান।
বুধবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। স্থানীয় শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
আইনমন্ত্রী উল্লেখ করেন, যারা প্রকাশ্যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, তাদের নিজেদের আগে পরিচ্ছন্ন হতে হবে। রাজনীতি থেকে ব্যক্তির দুর্নীতি দূর না হলে যেকোনো বিরোধী পদক্ষেপই ব্যর্থ হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য ও অনিয়ম নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, শিক্ষক বা কর্মচারী নিয়োগে কোনো ধরনের ঘুষের প্রমাণ মিললে জড়িতদের ছাড় দেওয়া হবে না।
স্কুল ম্যানেজিং কমিটির ক্ষমতার অপব্যবহার এবং প্রধান শিক্ষকের যেকোনো অনিয়ম-লুটপাটও সহ্য করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়। শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
তরুণদের প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মকে মাদকমুক্ত রাখা শিক্ষক সমাজের জন্য বড় একটি চ্যালেঞ্জ। এই সংকট মোকাবিলায় শিক্ষকদের সময়োপযোগী ও পরিকল্পিত পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি।
উল্লেখ্য, এই মতবিনিময় সভায় শৈলকুপার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার প্রধানগণ, শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা হবে
আফগান ঝড়ে শূন্য হাতে ফিরলো বাংলাদেশ