দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে। এর মধ্যে আগামী শুক্রবার (২৩ অক্টোবর) দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নতুন করে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি ঘনীভূত হওয়ারও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২১ অক্টোবর) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, তামিলনাড়ু উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে বর্তমানে একটি লঘুচাপ অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এ পরিস্থিতিতে শুক্রবারের দিকে বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য এলাকায় নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার (২৩ অক্টোবর) থেকে রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শুক্রবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। শনিবার তাপমাত্রা কিছুটা কমতে পারে। রোববার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
তবে পূর্বাভাসের শেষাংশে আগামী পাঁচ দিনে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও উল্লেখ করেছে আবহাওয়া অধিদপ্তর।
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় তেলের দাম ফের ১১০ ডলার ছাড়ালো
রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ আজ