'আগামী ৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবেন না', রাহুল গান্ধীকে অমিত শাহ

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০২:১৫ পিএম

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিদেশ সফরে থাকতেই তাঁকে কটাক্ষ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, আগামী ৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না রাহুল গান্ধীর দল কংগ্রেস।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কংগ্রেস ও তাদের মিত্রদের প্রতিবাদের মধ্যেই এ মন্তব্য করেন অমিত শাহ। যমুনা নদী পরিষ্কারের জন্য ৮ হাজার ৯৪১ কোটি রুপির বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে কটাক্ষ করেন।

প্রতিবেদন অনুযায়ী, কংগ্রেসের সংসদ সদস্য রাহুল গান্ধী চার দিনের সফরে ভিয়েতনামে রয়েছেন। তাঁর এই বিদেশ সফরের প্রসঙ্গ তুলে অমিত শাহ বলেন, আমি জানি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না। কারণ, আপনি বিদেশের কোথাও বসে আছেন। আপনি কেন সেখানে গেছেন, সেটাও ব্যাখ্যা করেন না। তবে সেটা আপনার ব্যক্তিগত বিষয়, এতে সমস্যা নেই।

এরপর রাহুল গান্ধীকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি যখন দিল্লিতে ফিরবেন, তখন আমার কথা শুনবেন। আগামী ৩০ বছরেও আপনার ক্ষমতায় আসার পালা আসবে না।

অমিত শাহের এই মন্তব্য ভারতের রাজনৈতিক অঙ্গনে কংগ্রেস ও ক্ষমতাসীন বিজেপির মধ্যে চলমান রাজনৈতিক বিরোধের প্রেক্ষাপটে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

ওয়াইএ
আরও পড়ুন