ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন হ্যারি ব্রুক

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পিএম

শুরুটা ছিল ধীরগতির, প্রথম ২৪ বলে রান মাত্র ১৩। সেখান থেকেই ঝড় তুলে ইতিহাসের পাতায় নাম লেখালেন হ্যারি ব্রুক। শ্রীলঙ্কার বিপক্ষে ১১৪ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম দ্বিশতকের রেকর্ড গড়েছেন ইংল্যান্ড অধিনায়ক। একই সঙ্গে ওয়ানডেতে ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরির কীর্তিও গড়েছেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ১১৬ বলে ২০২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ব্রুক। তাঁর ইনিংসে ছিল ২১টি চার ও ১০টি ছক্কা। শেষ ওভারে জানিথ লিয়ানাগের লো ফুলটস স্কুপ করে ফাইন লেগ দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে ১৯৬ থেকে ২০০ রানে পৌঁছান ইংল্যান্ড অধিনায়ক। তাতেই নিশ্চিত হয় ওয়ানডে ক্রিকেটে তাঁর ঐতিহাসিক ডাবল সেঞ্চুরি।

এর আগে ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড ছিল ভারতের অধিনায়ক শুভমান গিলের দখলে। গত মাসে গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৭ বলে দ্বিশতক পূর্ণ করেছিলেন তিনি। এবার মাত্র ১১৪ বলে সেই মাইলফলক ছুঁয়ে গিলকে পেছনে ফেললেন ব্রুক।

শুধু দ্রুততম ডাবল সেঞ্চুরিই নয়, ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও নিজের করে নিয়েছেন ব্রুক। এর আগে রেকর্ডটি ছিল বেন স্টোকসের। ২০২৩ সালে ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮২ রান করেছিলেন এই ইংলিশ অলরাউন্ডার। ব্রুকের ২০২ রানের ইনিংসে সেই রেকর্ডও ভেঙে গেল।

বাউন্ডারি থেকেই এসেছে ব্রুকের ১৪৪ রান, যা ইংল্যান্ডের ওয়ানডে ইতিহাসে নতুন রেকর্ড। এর আগে ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জস বাটলারের ১৫০ রানের ইনিংসে চার ও ছক্কা থেকে এসেছিল ১২৪ রান। এবার ২১ চার ও ১০ ছক্কায় সেই রেকর্ডও ছাড়িয়ে গেলেন ব্রুক।

ব্রুকের ইনিংসের সবচেয়ে বিস্ময়কর দিক ছিল রান তোলার গতি। প্রথম ২৪ বলে করেছিলেন মাত্র ১৩ রান। এরপর দ্রুত খোলস ছেড়ে বেরিয়ে এসে পরের ৫১ বলে পৌঁছে যান সেঞ্চুরিতে। সেখান থেকে দেড়শ রানে পৌঁছাতে খেলেন মাত্র ২২ বল। আর দেড়শ থেকে ডাবল সেঞ্চুরিতে পৌঁছাতে তাঁর প্রয়োজন হয় মাত্র ১৭ বল। অর্থাৎ সেঞ্চুরি থেকে দ্বিশতকে যেতে ব্রুকের লাগে মাত্র ৩৯ বল।

ধীরগতির শুরু থেকে রেকর্ডভাঙা বিস্ফোরক ইনিংস, ব্রুকের এই ব্যাটিংয়ে একসঙ্গে ভেঙেছে দ্রুততম ডাবল সেঞ্চুরি ও ইংল্যান্ডের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। ওয়ানডেতে ইংল্যান্ডের প্রথম দ্বিশতক হাঁকিয়ে নিজের নামও তুলে নিয়েছেন ইতিহাসের অনন্য এক জায়গায়। 

এএস
আরও পড়ুন