গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টুন ও সুতার গুদামে লাগা আগুন প্রায় চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে কাজ করেছে নয়টি ইউনিট। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
গাজীপুর মহানগরীর কাশিমপুরের পশ্চিম শৈলডুবিতে সুপ্রিম গার্মেন্টসের কার্টুন ও সুতার গুদামে শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে আগুন লাগে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় দুপুর ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গুদামে আগুন লাগার পর কারখানার কর্মী ও স্থানীয় বাসিন্দারা তা নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল মিনি ও সারাবো ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতি বিবেচনায় আরও পাঁচটি ইউনিট যোগ দেয়।
মো. সাইদুল আলম চৌধুরী জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে চারদিক থেকে ঘিরে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে অগ্নিনির্বাপণ কৌশল প্রয়োগ করা হয়। তবে পানির সংকটের কারণে আগুন নেভানোর কাজে বেগ পেতে হয়েছে। শেষ পর্যন্ত নয়টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।
মাদ্রাসায় বলাৎকার বন্ধে কঠোর অবস্থানে সরকার: ধর্মমন্ত্রী
ফ্রান্সে বিক্ষোভ ও সহিংসতা ঠেকাতে ৭০ হাজার পুলিশ মোতায়েন