মাত্র ১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভান। প্রতিভাবান এই অ্যাটাকিং মিডফিল্ডারকে নিয়ে এবার আগ্রহ দেখাচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। যদিও ১৮ বছর বয়স পূর্ণ হলে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার জন্য আগেই চুক্তিবদ্ধ হয়েছেন তিনি, তবে ইংলিশ ক্লাবটির আইনি জটিলতাকে ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে নতুন সম্ভাবনা খুঁজছে বার্সা।
বর্তমানে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নে খেলছেন কাভান সুলিভান। জার্মান ও বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ ফুটবলারের সঙ্গে ইতিমধ্যে চুক্তি করেছে ম্যানচেস্টার সিটি। চুক্তি অনুযায়ী, ২০২৮ সালে ১৮ বছর বয়স পূর্ণ হলে ইংলিশ ক্লাবটিতে যোগ দেওয়ার কথা তাঁর। তবে সিটি আনুষ্ঠানিকভাবে তাঁকে দলে নেওয়ার আগেই পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিজেদের সুযোগ তৈরি করতে চায় বার্সেলোনা।
স্প্যানিশ প্রভাবশালী সংবাদমাধ্যম ‘স্পোর্ট’-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ১৮ বছর বয়স পূর্ণ হলে সিটিতে যোগ দেওয়ার জন্য প্রাক্-চুক্তি থাকায় এত দিন কাভানকে পাওয়ার দৌড়ে সুবিধাজনক অবস্থানে ছিল ইংলিশ ক্লাবটি। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে তাঁর ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম লঙ্ঘনের ১১৫টি অভিযোগের বিচারাধীন মামলাটি এই অনিশ্চয়তার অন্যতম কারণ। যদিও এখনো কোনো চূড়ান্ত শাস্তি নির্ধারিত হয়নি এবং অবনমনের আশঙ্কাও নিশ্চিত কোনো সিদ্ধান্ত নয়, তবু দীর্ঘমেয়াদি এই আইনি জটিলতা ক্লাবটির ভবিষ্যৎ পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে।
কাভানের প্রতিনিধিরাও পরিস্থিতি পরিবর্তনশীল বলে ইঙ্গিত দিয়েছেন। কয়েক সপ্তাহ আগে তাঁর এজেন্ট বলেছিলেন, কখন কী ঘটে, তা বলা কঠিন। তবে তাঁরা আশা করেন, বিষয়টির একটি সঠিক সমাধান পাওয়া যাবে।
এ বক্তব্য থেকে বোঝা যায়, কাভানের পক্ষ থেকে আপাতত ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি বাতিলের কোনো নিশ্চিত ইঙ্গিত দেওয়া হয়নি। তবে সম্ভাবনার দরজা পুরোপুরি বন্ধও নয়। সিটির বিরুদ্ধে চলমান মামলার গতিপ্রকৃতি এবং চুক্তির শর্তাবলির ওপরই নির্ভর করতে পারে এই তরুণ তারকার ভবিষ্যৎ গন্তব্য। আর সেই পরিস্থিতির দিকেই নজর রাখছে বার্সেলোনা।
ওয়েলসকে রুখে দিয়ে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
ইরানের সঙ্গে মধ্যস্থতা, সৌদির সুরক্ষায় পাকিস্তানের দ্বৈত চাল