‘এমন বডিবিল্ডার বাবা ঘরে ঘরে হওয়া উচিত’

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পিএম

সন্তানদের সুরক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান। বডিবিল্ডার এক বাবার প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, এমন বাবা ঘরে ঘরে হওয়া উচিত, যাতে সন্তান কোনো অন্যায় করার আগে বারবার ভাবতে বাধ্য হয়।

শনিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন তিনি।

পোস্টে তারেক রহমান দাবি করেন, জুবায়ের এর আগে ময়মনসিংহে এক হিন্দু যুবককে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে গাছে বেঁধে পিটিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় উসকানি দিয়েছিলেন।

তিনি লেখেন, থাপ্পড় দেওয়ার ঘটনায় জুবায়েররা প্রমাণ ও ন্যায়বিচার চাইছেন। কিন্তু কাউকে সংঘবদ্ধভাবে পিটিয়ে হত্যার সময় ন্যায়বিচারের প্রয়োজনীয়তা কোথায় থাকে, সেই প্রশ্নও তোলেন তিনি। তারেক রহমান বলেন, সবার ক্ষেত্রেই ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিত করার পাশাপাশি সন্তানদের সুরক্ষা সবার আগে হওয়া উচিত। তাঁর ভাষায়, যিনি সংঘবদ্ধ হামলা চালান, তিনিই আবার এমন হামলা থেকে বাঁচতে সুরক্ষা চাইছেন এটি অদ্ভুত।

বডিবিল্ডার বাবার প্রসঙ্গ টেনে তিনি আরও লেখেন, মানুষের মনের কথা হলো এমন বাবা ঘরে ঘরে থাকা উচিত, যাতে তাঁর সন্তান খারাপ কিছু করার আগে দশবার ভাবে। এমন অভিভাবক থাকলে অপরাধ করার সাহসও কমে যাবে বলে মন্তব্য করেন তিনি।

তারেক রহমান তাঁর পোস্টে শফিকুর রহমানেরও সমালোচনা করেন। শিশুদের ঠোঁটে চুমু দিয়ে ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ ধরনের আচরণের পেছনে উদ্দেশ্য কী, তা তিনি জানেন না। তবে শিশুদের সুরক্ষার স্বার্থে এ বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

শিশুদের ঠোঁটে চুমু দেওয়ার স্বাস্থ্যঝুঁকি প্রসঙ্গে তারেক রহমান লেখেন, বড়দের মুখের লালা ও ব্যাকটেরিয়া থেকে শিশুদের মেনিনজাইটিস, হারপিস ও দাঁতের ক্ষয়ের মতো স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। এ কারণে সন্তানের সুরক্ষায় এ অভ্যাস বর্জন করা জরুরি বলেও তিনি মন্তব্য করেন।

শিশুদের প্রতি যৌন নিপীড়নের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, যারা শিশুদের বলাৎকার করে, তাদের আচরণকে স্নেহ হিসেবে দেখার সুযোগ নেই; বরং এর পেছনে বিকৃত যৌনাচার রয়েছে কি না, সে প্রশ্ন তোলেন তিনি। এ ধরনের ঘটনা কঠোরভাবে দমনে মাদ্রাসা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে ‘জুবায়ের’ নামের ব্যক্তিদের মতো কাউকে যেন আলেম-ওলামারা আশ্রয় বা প্রশ্রয় না দেন, সেই আহ্বানও জানান।

এএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত