যুদ্ধের প্রতিবাদ এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের বিরুদ্ধে ইতালির বিভিন্ন বড় শহরে বিক্ষোভ করেছেন মানুষ। শনিবারের বিক্ষোভে তুরিন, রোম ও বোলোনিয়ায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে মিলানে বিক্ষোভ ছিল বেশির ভাগ ক্ষেত্রে শান্তিপূর্ণ।
গত সপ্তাহে দেশটির বিভিন্ন এলাকায় বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ ওঠার পর শনিবার নিরাপত্তাব্যবস্থা জোরদার করে কর্তৃপক্ষ। সম্ভাব্য সহিংসতা ঠেকাতে বিভিন্ন শহরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অনেক দোকানও বন্ধ রাখা হয়।
এর আগে গত সপ্তাহান্তে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সে সময় কিছু দোকানে লুটপাট এবং বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে চলতি সপ্তাহে নতুন করে বিক্ষোভের ডাক ছড়িয়ে পড়ার পর আগের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে বাড়তি সতর্কতা নেয় কর্তৃপক্ষ।
রয়টার্সের সাংবাদিকেরা মিলানে শনিবারের বিক্ষোভ চলাকালে কোনো দোকানে লুটপাট বা সম্পদ ভাঙচুরের ঘটনা দেখেননি।
এদিকে, ইতালির পুলিশ জানিয়েছে, গত সপ্তাহের বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট ‘অক্টোবর ১৭ আন্দোলন’ সংগঠনের আয়োজনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে মিলানের পুলিশ সদর দপ্তরে নেওয়া হয়।
সূত্র: রয়টার্স
ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের আরেকটি ’অন্তহীন’ যুদ্ধে পরিণত হচ্ছে’: মার্কিন সিনেটর