সিনেমায় অভিনয়ে এখনই প্রস্তুত নন নাজনীন নীহা

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১১:৪৮ এএম

ছোট পর্দা ও ওটিটিতে নিয়মিত অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন অভিনেত্রী নাজনীন নীহা। নাটকে ব্যস্ততার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও নিজের উপস্থিতি জানান দিচ্ছেন তিনি। তবে সমসাময়িক অনেক অভিনয়শিল্পী বড়পর্দায় কাজের দিকে ঝুঁকলেও বাণিজ্যিক সিনেমায় অভিনয়ের জন্য এখনই নিজেকে প্রস্তুত মনে করছেন না এই অভিনেত্রী।

নাজনীন নীহার ভাষ্য, সিনেমায় অভিনয়ের ইচ্ছা থাকলেও এ মুহূর্তে তাড়াহুড়ো করে বড়পর্দায় কাজ শুরু করতে চান না তিনি। নিজের প্রস্তুতিকে গুরুত্ব দিয়েই এ সিদ্ধান্ত নিয়েছেন।

এ প্রসঙ্গে নীহা বলেন, বাণিজ্যিক ধারার সিনেমায় অভিনয়ের জন্য তিনি এখনো পুরোপুরি প্রস্তুত নন। তাঁর মনে হয়, নিজেকে আরও প্রস্তুত করার প্রয়োজন রয়েছে। আপাতত নাটকে অভিনয় করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। সিনেমাকে বড় পরিসরের কাজ উল্লেখ করে নীহা জানান, সেখানে অভিনয় শুরুর আগে নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে চান। এ কারণেই কিছুটা সময় নিচ্ছেন তিনি।

প্রেক্ষাগৃহে মুক্তির জন্য সিনেমায় অভিনয় না করলেও ওটিটির জন্য নির্মিত একটি সিনেমায় কাজ করেছেন নীহা। ‘ইনস্টাগ্রাম’ নামের সিনেমাটি পরিচালনা করছেন মোস্তফা কামাল রাজ। এটি ইউটিউবে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এদিকে সম্প্রতি অভিনেতা অপুর্বের সঙ্গে জুটি বেঁধে ‘ভালো আছ তো’ নামের একটি নাটকে অভিনয় করেছেন নাজনীন নীহা। জাকারিয়া সৌখিন পরিচালিত নাটকটি ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।

এমইউ
আরও পড়ুন